‘বাবরি মসজিদ’ নামকরণে কড়া আপত্তি জানিয়ে বাবরকে ‘লুটেরা’ ও ‘ধর্ষণকারী’ আখ্যা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ ইস্যু নিয়ে এক সভায় চরম বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে ‘বাবরি মসজিদ’ নামকরণে তাঁদের ঘোর আপত্তি রয়েছে। শুভেন্দু অধিকারীর দাবি, বাবর ছিলেন একজন লুটেরা এবং ধর্ষণকারী, যিনি কোনোভাবেই ভারতীয় নন।
বিরোধী দলনেতা আরও বলেন, বাবর ভারতে এসেছিলেন মন্দির ভেঙে-গুঁড়িয়ে ধর্ম পরিবর্তন করতে। এই পরিস্থিতিতে তাঁর নামে মসজিদ হলে সকলের আপত্তি থাকবে। নাম না করে শাসকদলের উপর তোপ দেগে শুভেন্দু বলেন, “পুলিশ-প্রশাসনের মদতেই এখানে ধর্মীয় উন্মাদনা হয়েছে।” তাঁর মতে, “এটা কোনও শুধুমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান তৈরির উদ্দেশ্য নয়। বাবর-এর নামে মৌলবাদীদের আস্ফালন চলছে।” তিনি তৃণমূল নেতা হুমায়ুন কবীরের নাম উল্লেখ করে তাঁর এই বার্তাকে যথেষ্ট ‘ভয়ানক’ বলেও মন্তব্য করেন। মুর্শিদাবাদের এই মন্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।