‘বিয়ের পর মাথা না খেলে কলঙ্ক!’ শোভনের সঙ্গে দাম্পত্যের রসায়ন ফাঁস করলেন সোহিনী

আগামী ১২ ডিসেম্বর হইচই-এর পর্দায় মুক্তি পেতে চলেছে ঋতাভরী চক্রবর্তী ও সোহিনী সরকারের নারী-কেন্দ্রিক সিরিজ ‘কর্ম ও কোর্মা’। ঋত্বিক চক্রবর্তীর মতো অভিনেতা যেখানে পুলিশ অফিসারের ভূমিকায়, সেখানে এই সিরিজ যে কর্মের ফল এবং অন্যায়ের শাস্তি দেওয়ার ভিন্ন পথ দেখাবে, তা নামেই স্পষ্ট।

সিরিজ মুক্তির ঠিক আগে নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী সোহিনী সরকার নিজের ব্যক্তিগত জীবন এবং স্বামী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন নিয়ে মুখ খুললেন।

সিরিজের নাম অনুযায়ী ‘কর্ম’-তে কতটা বিশ্বাসী তিনি? এই প্রশ্নে সোহিনী স্পষ্ট জানান, তিনি ভীষণভাবে কর্মে বিশ্বাসী এবং এই জনমেই কর্মের ফল পেতে হয় বলে মনে করেন। অন্যদিকে, ‘কোর্মা’র প্রসঙ্গে হাসতে হাসতে সোহিনী বলেন, তিনি খেতে বিশেষ ভালোবাসেন না, তবে বাড়িতে অতিথি এলে রান্না করে খাওয়াতে পারেন।

এর পরই তিনি শোভনের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন ফাঁস করেন। সোহিনী বলেন, “খাওয়ার যদি কথাই হয়, তাহলে সব থেকে বেশি ভালো লাগে শোভনের মাথা খেতে। বিয়ের পর যদি একে অপরের মাথা নাই খেতে পারি, তাহলে আমরা বিয়ের নামে কলঙ্ক।”

অভিনেত্রী জানান, তাঁরা দু’জনেই কাজে ভীষণ ব্যস্ত থাকলেও, যখন যার অবসর থাকে, তখন সে অন্যজনকে জ্বালাতন করে। সোহিনীর মতে, “এই ছোট ছোট খুনসুটি জীবনকে বাঁচিয়ে রাখে। তাই শোভনের মাথা খেতে আমার বেশ ভালো লাগে।”

প্রসঙ্গত, একাধিক সম্পর্কের পর ২০২৪ সালের ১৫ জুলাই গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহিনী। শোভন সারেগামাপা মঞ্চ থেকে খ্যাতি অর্জন করেছিলেন। অন্যদিকে, রনজয় বিষ্ণু এবং অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে সোহিনীর সম্পর্ক নিয়ে গুজব থাকলেও, শেষ পর্যন্ত শোভনের হাত ধরেই তাঁর সম্পর্কের পরিণতি পায়।