বিপর্যয় অব্যাহত! ইন্ডিগোর ১০০০-এর বেশি বিমান বাতিল, কলকাতা-সহ দেশজুড়ে চরম দুর্ভোগ ও অচলাবস্থা

শুক্রবার রাত পেরিয়ে শনিবার ভোর হলেও ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান পরিষেবা বিপর্যয় এখনও অব্যাহত। পরপর ব্যাপক সংখ্যক বিমান বাতিল হওয়ায় কলকাতা-সহ দেশের বিভিন্ন বিমানবন্দরে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে বিমান সংস্থাটির পক্ষ থেকে স্পষ্ট কোনো বিবৃতি না দেওয়ায় যাত্রীদের ক্ষোভ ক্রমশ বাড়ছে।
কলকাতা বিমানবন্দরে বিক্ষোভ:
ইন্ডিগোর অব্যবস্থার ঢেউ আছড়ে পড়েছে কলকাতা বিমানবন্দরেও। উড়ানের সমস্যার কারণে যাত্রীরা বিক্ষোভ দেখান। তাঁদের মূল অভিযোগ, সারারাত অপেক্ষা করার পরেও নির্দিষ্ট উড়ান পাননি। বিমান সংস্থার পক্ষ থেকে কোনওরকম সাহায্য করা হয়নি, এমনকি খাবার বা পানীয় জলের মতো প্রাথমিক পরিষেবাও মেলেনি। কখন উড়ান পাওয়া যাবে, সেই বিষয়েও কোনো স্পষ্ট তথ্য না দেওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন তাঁরা।
অব্যাহত বিলম্ব ও অনিশ্চয়তা:
সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) ইন্ডিগো কর্তৃপক্ষ অন্তত ১০০০-এরও বেশি বিমান পরিষেবা বাতিল করেছে। এর ফলে বেশিরভাগ উড়ানেই দীর্ঘ বিলম্ব হচ্ছে। যাত্রীদের অভিযোগ, সঠিক সময়ে বিমানের আপডেট না দেওয়ায় ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে বসে থাকতে হচ্ছে তাঁদের। একের পর এক উড়ান বাতিলে গন্তব্যে পৌঁছনো নিয়ে যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা।
ক্ষোভের মুখে ইন্ডিগো কর্তৃপক্ষ:
এত বড় বিপর্যয়ের কারণ সম্পর্কে ইন্ডিগো কর্তৃপক্ষ এখনও পর্যন্ত পরিষ্কারভাবে কোনো কিছু ঘোষণা করেনি। উড়ান সংস্থার তরফে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হলেও অচলাবস্থা কাটেনি। রাতভর বিমানের অপেক্ষায় থাকা তিতিবিরক্ত যাত্রীদের মধ্যে ক্ষোভের আগুন বাড়ছে।
তবে, ইন্ডিগো এয়ারলাইন্স বিমান পরিষেবা ঠিক কবে নাগাদ বা কতক্ষণে স্বাভাবিক হবে সেই বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও, নিজেদের এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি প্রকাশ করে যাত্রীদের অবগত করেছে এবং ক্রমাগত বিমান বাতিলের জন্য দুঃখ প্রকাশ করেছে।