মরশুমের শীতলতম দিন আজ! কলকাতায় পারদ ১৪ ডিগ্রির ঘরে, আগামী ৪৮ ঘণ্টা আরও ২ ডিগ্রি নামার পূর্বাভাস!

ঘূর্ণিঝড়ের আশঙ্কা কেটে যেতেই বাংলায় শীত তার মারকুটে ব্যাটিং শুরু করে দিয়েছে। শনিবার মরশুমের শীতলতম দিনের রেকর্ড গড়ল কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল। আলিপুর আবহাওয়া দফতরের হিসেব অনুযায়ী, এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে 14.5 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি কম।

এক ধাক্কায় ৩ ডিগ্রি পতন:

চলতি সপ্তাহে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.6 ডিগ্রি সেলসিয়াস, যা এতদিন মরশুমের শীতলতম দিন ছিল। শনিবার সেই রেকর্ড ভেঙে পারদ আরও নীচে নামল। গতকাল, অর্থাৎ শুক্রবারের (17 ডিগ্রি সেলসিয়াস) তুলনায় এক ধাক্কায় প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস পারদ পতন হয়েছে। অগ্রহায়ণ মাসের শেষ সপ্তাহেই রাজ্যে শীত জমজমাট।

আগামী ৪৮ ঘণ্টায় আরও শীতের কামড়:

আবহাওয়া অফিসের পূর্বাভাস ছিল, রবিবার নাগাদ কলকাতার তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। তবে তার আগেই শনিবার পারদ 14 ডিগ্রির ঘরে ঢুকে পড়ল। পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রার পারদ আরও 2 ডিগ্রি নামার প্রবল সম্ভাবনা রয়েছে।

জেলাতেও হাড় কাঁপানো ঠান্ডা:

জেলায় পারদ আরও অনেকটা কমেছে। শুক্রবার দক্ষিণবঙ্গে শীতলতম স্থান ছিল শ্রীনিকেতন, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.5 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতল অঞ্চলে শীতলতম স্থান আলিপুরদুয়ার (12 ডিগ্রি সেলসিয়াস)। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে 4.5 ডিগ্রি সেলসিয়াসে।

বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আবহাওয়া শুষ্ক:

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের কোনো ইঙ্গিত নেই। ফলে পশ্চিমের শীতল হাওয়ার অবাধ প্রবেশ ঘটছে। আগামী 7 দিন আবহাওয়া শুষ্কই থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে শীতের আমেজ আরও বাড়বে।

সকালে শিশির ও কুয়াশা থাকছে। ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার জেরে দৃশ্যমানতা কমতে পারে। তবে আগামী সাত দিনে উত্তরবঙ্গে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না।