গৌড়বঙ্গে রেলের গতি বাড়াতে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক সুকান্ত মজুমদারের, তিন জেলার জট কাটার আশ্বাস

মালদা, দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুর—’গৌড়বঙ্গে’র এই তিন জেলায় রেল পরিষেবার উন্নয়ন এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্পের দ্রুত বাস্তবায়নের আবেদন নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেছেন। সাক্ষাতের সময় তিনি রেলমন্ত্রীকে একটি আর্জি চিঠিও তুলে দেন। রেলমন্ত্রী দ্রুত ওইসব জেলাগুলিতে কাজ শুরু করার বিষয়ে আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে।
তিনটি আটকে থাকা প্রকল্পের আর্জি:
প্রসঙ্গত, বালুরঘাট থেকে হিলি, বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ এবং গাজোল থেকে গুঞ্জরিয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ রেলপথ সম্প্রসারণের অনুমোদন কেন্দ্রীয় সরকার আগেই দিয়েছিল। কিন্তু অভিযোগ, রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় জমি না পাওয়ায় সেই কাজ দীর্ঘকাল ধরে আটকে ছিল। জমি জটের কারণে কিছু কাজ হয়েও তা বন্ধ হয়ে যায় এবং প্রথম দফায় অনুমোদিত অর্থও ফেরত চলে যায়।
দ্বিতীয় দফায় অবশ্য সুকান্ত মজুমদারের ব্যক্তিগত উদ্যোগে ফের রেলের সম্প্রসারণের কাজ শুরু হয়। তবে সেই কাজ অত্যন্ত ধীরগতিতে চলায়, তা দ্রুত সম্পন্ন করার জন্যই এদিন রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেন সুকান্ত।
যৌথভাবে আর্জি জানালেন দুই সাংসদ:
এই বৈঠকে সুকান্ত মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পালও। তাঁরা যৌথভাবে রেলমন্ত্রীর কাছে গৌড়বঙ্গের এই তিনটি রেলপথের কাজ দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানান। এর পাশাপাশি বালুরঘাট থেকে বেঙ্গালুরু পর্যন্ত একটি নতুন ট্রেন চালু করার দাবি সহ দুই দিনাজপুরের রেল উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা আলোচনা করেন।
সাক্ষাৎ শেষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “আমি এবং রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল দু’জনেই রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। বালুরঘাট-হিলি, বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ এবং গাজোল-গুঞ্জরিয়া রেলপথ সম্প্রসারণ করে সংযুক্ত করার জন্য অর্থ বরাদ্দ হয়েছিল। সেই প্রকল্প যেন আমরা দ্রুত বাস্তবায়িত করতে পারি এবং মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের মানুষের উপকার করতে পারি, সেই প্রস্তাব রেলমন্ত্রীকে দিয়েছি।”
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে জমি সংক্রান্ত অনেকরকম বাধা থাকলেও, “আমাদের বিশ্বাস সেই সব বাধা অতিক্রম করে এই সমস্ত রেলপথ দ্রুত চালু করতে পারব।” রেলমন্ত্রীও আশ্বাস দিয়েছেন যে এই প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ হবে।