স্বনির্ভরতা ও আধুনিকীকরণের পথে নৌবাহিনী! নৌসেনাদের শুভেচ্ছা জানিয়ে উপকূল রক্ষার কথা মনে করালেন প্রধানমন্ত্রী, রইল বার্তা!

নৌবাহিনী দিবস (Navy Day) উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর সমস্ত কর্মীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার নিজের এক্স (X) হ্যান্ডলে একটি দু’মিনিটের ভিডিও-সহ বার্তা দিয়ে নৌসেনাদের ‘ব্যতিক্রমী সাহস এবং দৃঢ়তার’ সমার্থক বলে উল্লেখ করেছেন তিনি।

প্রধানমন্ত্রী তাঁর পোস্টে লেখেন, “ভারতীয় নৌবাহিনীর সকল কর্মীকে নৌবাহিনী দিবসের শুভেচ্ছা। আমাদের নৌবাহিনী ব্যতিক্রমী সাহস এবং দৃঢ়তার সমার্থক।” তিনি আরও বলেন, নৌসেনারা “আমাদের উপকূল রক্ষা করে এবং আমাদের সামুদ্রিক স্বার্থকে সমুন্নত রাখে।”

নৌবাহিনীর সাম্প্রতিক সাফল্যের কথা তুলে ধরে মোদি লেখেন, “সাম্প্রতিক বছরগুলিতে, আমাদের নৌবাহিনী স্বনির্ভরতা এবং আধুনিকীকরণের উপর মনোনিবেশ করেছে। এটি আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত করেছে।”

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী তাঁর একটি ব্যক্তিগত মুহূর্তের কথাও স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “আমি এই বছরের দীপাবলি কখনই ভুলতে পারব না, যা আমি আইএনএস বিক্রান্তে নৌবাহিনীর কর্মীদের সাথে কাটিয়েছি।” ভারতীয় নৌবাহিনীকে তাদের ভবিষ্যতের সব প্রচেষ্টার জন্য শুভকামনা জানিয়ে পোস্টটি শেষ করেন প্রধানমন্ত্রী।