সংখ্যালঘু নয়, বেশি নাম বাদ পড়ছে হিন্দু অধ্যুষিত সীমান্ত এলাকায়! উত্তর ২৪ পরগনা-সহ ৩ জেলায় উদ্বেগ, চূড়ান্ত সংখ্যায় কী হবে?

রাজ্যে ভোটার তালিকা নিবিড় সংশোধনের (SIR) কাজ চলায় নাম বাতিল হওয়ার সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটার তালিকা থেকে প্রায় ৫২ লক্ষ (৫২,০৮,৪৩১) ভোটারের নাম বাদ পড়েছে। যদিও রাজ্যে SIR শুরু হওয়ার আগে বিজেপি এক কোটি ভোটারের নাম বাদ পড়ার দাবি করেছিল, তবে সেই সংখ্যা এখনও পর্যন্ত তার ধারেকাছেও পৌঁছায়নি।

কমিশনের হিসেব অনুযায়ী, এই বাদ পড়া ভোটারের মধ্যে ২৩ লক্ষ ৩৪ হাজার মৃত ভোটার, ৯ লক্ষ ভোটারের খোঁজ পাওয়া যায়নি এবং ১৮ লক্ষ ভোটার স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন।

উদ্বেগে তিন জেলা:

নির্বাচন কমিশন সূত্রের খবর, তিন জেলায় অসংগৃহীত (ফর্ম ফেরৎ আসা) ফর্মের সংখ্যা সবথেকে বেশি। যা নিয়ে উদ্বেগ বাড়ছে:

উত্তর ২৪ পরগনা: প্রায় সাড়ে ৭ লক্ষ ভোটার নিখোঁজ।

দক্ষিণ ২৪ পরগনা: প্রায় ৬ লক্ষ নাম বাদ।

হাওড়া: প্রায় ৪ লক্ষ ভোটার নেই।

সংখ্যালঘু বনাম হিন্দু অধ্যুষিত এলাকা:

নির্বাচন কমিশন সূত্রের আরও এক চাঞ্চল্যকর তথ্য হলো, এখনো পর্যন্ত বাতিল হওয়া ৫২ লক্ষ ভোটারের মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোটার বাদ যাওয়ার প্রবণতা খুব বেশি নয়। বরং, সবচেয়ে বেশি নাম বাদ যাচ্ছে সীমান্তবর্তী হিন্দু অধ্যুষিত অঞ্চলে। ওয়াকিবহাল মহল এই প্রবণতাকে রীতিমতো উদ্বেগের কারণ বলে মনে করছে।

যদিও কমিশন স্পষ্ট করে জানিয়েছে, এই সংখ্যাটি চূড়ান্ত নয়। SIR-এর মেয়াদ বাড়ানো হয়েছে এবং খসড়া তালিকা প্রকাশের পর একটি হিসেব পাওয়া গেলেও চূড়ান্ত বাতিল হওয়ার সংখ্যা স্পষ্ট হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই।