বড় স্বস্তি রাজ্যে! ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল, রায় শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়লেন শিক্ষকেরা

দীর্ঘ ৯ বছরের আইনি টানাপোড়েন এবং অনিশ্চয়তার পর অবশেষে স্বস্তি। ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ (TET) দুর্নীতি মামলায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশে বাতিল হওয়া প্রায় ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
আজ, বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমারের ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে খারিজ করে দিয়ে এই শিক্ষকদের চাকরি পুনর্বহালের নির্দেশ দেয়। ডিভিশন বেঞ্চের এই রায় শোনা মাত্রই আদালতের বাইরে অপেক্ষারত চাকরিজীবীরা আনন্দে ও স্বস্তিতে কেঁদে ফেলেন।
প্রসঙ্গত, একক বেঞ্চে এই নিয়োগকে বাতিল ঘোষণা করে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ডিভিশন বেঞ্চ মানবিক দিকটি বিবেচনা করে জানায়, “কর্তৃপক্ষের ভুল বা দুর্নীতির দায় নিরীহ চাকরিপ্রাপ্তদের ওপর চাপানো যায় না।” ফলে চাকরি খোয়ানোর আশঙ্কায় থাকা হাজার হাজার শিক্ষক-শিক্ষিকার পরিবারে আজ খুশির আবহ। যদিও, আদালত স্পষ্ট করেছে, এই নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত এবং অন্যান্য আইনি প্রক্রিয়া জারি থাকবে।