বলরামপুর, থানার অভ্যন্তরে মহিলা পুলিশ কর্মীকে যৌন নিগ্রহের চাঞ্চল্যকর অভিযোগ, ৮ মাস পর FIR!

উত্তরপ্রদেশের বলরামপুর জেলায় হোলি উৎসব চলাকালীন এক মহিলা পুলিশ কর্মীকে তাঁরই তিন পুরুষ সহকর্মী যৌন হেনস্তা করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রায় আট মাস পর অভিযুক্তদের বিরুদ্ধে অবশেষে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
দীর্ঘ বিভাগীয় তদন্তে অভিযুক্ত তিনজন পুলিশকর্মী প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত হওয়ার পরই এফআইআর দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়। এফআইআর অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল চলতি বছরের ৫ মার্চ হোলির দিন।
৩০ বছর বয়সী নির্যাতিতা মহিলা কনস্টেবল তাঁর অভিযোগে জানিয়েছেন, হোলি খেলার পর তিনি কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন এবং পরে সকাল ১১:৪৫ নাগাদ উইমেন্স হেল্প ডেস্ক থেকে চাবি নিতে থানায় ফিরে আসেন। সেই সময়, একজন হেড কনস্টেবল এবং দুজন কনস্টেবল তাঁকে আটকায়, জোর করে রং মাখায় এবং তাঁর উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করে। মহিলা কনস্টেবল কোনোমতে সেখান থেকে পালিয়ে যান এবং পরে থানার উচ্চ পদস্থ পুলিশ আধিকারিককে বিষয়টি জানান।
তিনি আরও উল্লেখ করেন, অভিযুক্তদের মধ্যে একজন এর আগেও তাঁকে আপত্তিকরভাবে স্পর্শ করেছিল, যার জন্য অভিযুক্ত তখন ক্ষমা চেয়েছিল এবং তখন তিনি কোনো আইনি পদক্ষেপ নেননি। কিন্তু হোলির ঘটনার পর লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও মাসের পর মাস কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বিস্তারিত বিভাগীয় তদন্তে ওই তিনজন পুলিশকর্মীকে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে। অবশেষে, বুধবার, ২৬ নভেম্বর, অর্থাৎ ঘটনার প্রায় আট মাস পর, অভিযুক্ত হেড কনস্টেবল এবং দুই কনস্টেবলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বি এন এস) ৭৪ (মহিলাদের শালীনতা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে আঘাত) ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং তাদের সাসপেন্ড করা হয়েছে।