শীতের ভোরে সিঙ্গুরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা! সস্ত্রীক তারাপীঠ যাওয়ার পথে মৃত্যু তৃণমূল নেতা সুদীপ্ত ভক্তার

পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম পরিচিত তৃণমূল নেতা সুদীপ্ত ভক্তা এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হয়েছেন। আইএনটিটিইউসি (INTTUC)-র কোর কমিটির সদস্য সুদীপ্ত ভক্তা সস্ত্রীক তারাপীঠ যাওয়ার পথে সিঙ্গুরের কাছে দুর্ঘটনার কবলে পড়েন।

জানা গিয়েছে, শীতের ভোরে সিঙ্গুরের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে তাঁদের দ্রুতগামী গাড়িটি সজোরে ধাক্কা মারে। এই ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই তৃণমূল নেতা সুদীপ্ত ভক্তার মৃত্যু হয়।

অন্যদিকে, গুরুতর আহত হয়েছেন সুদীপ্ত ভক্তার স্ত্রী এবং গাড়ির চালক। তাঁদের দু’জনকেই তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।

উল্লেখ্য, নিহত তৃণমূল নেতা সুদীপ্ত ভক্তা গতকাল শুক্রবারও হলদিয়ায় তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা বেচারাম মান্নার সভায় উপস্থিত ছিলেন। সপ্তাহখানেক আগে তৃণমূলের এক বড় রাজনৈতিক সভায় তাঁর উপস্থিতি দেখা গিয়েছিল। তাঁর আকস্মিক মৃত্যুতে পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।