‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে মহাকাশ গবেষণায় Gen Z-কে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে বললেন নভোচারী শুভাংশু শুক্লা

ভারতের মহাকাশ গবেষণায় বর্তমান প্রজন্মের (Gen Z)-কে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা দরকার। এমনই মন্তব্য করলেন ভারতীয় মহাকাশচারী এবং বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, যিনি ISRO-র প্রথম মহাকাশচারী হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (ISS) গিয়েছিলেন। তিনি মনে করেন, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার কেন্দ্রীয় সরকারের লক্ষ্যমাত্রায় এগিয়ে যেতে তরুণ প্রজন্মের সক্রিয়তা খুবই জরুরি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার হায়দরাবাদের স্কাইরুট এয়ারোস্পেস ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধনে ভার্চুয়ালি অংশ নেন। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েই Gen Z-কে এই আহ্বান জানান শুভাংশু শুক্লা। ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি মহাকাশ যাত্রা ও তরুণ প্রজন্ম নিয়ে বিস্তারিত কথা বলেন।
সাক্ষাৎকারের কিছু অংশ:
টেস্ট পাইলট থেকে নভোচারী: মহাকাশচারী হওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে শুভাংশু শুক্লা বলেন, “আলাদা করে কিছু ভাবিনি। যখন মহাকাশে যাওয়ার সুযোগ আসে, তখন আমি একজন টেস্ট পাইলট ছিলাম। সবারই ইচ্ছা থাকে আকাশকে জানার, সেইমতো আমিও চেয়েছি। আমার কাছে সুযোগ এসেছিল, আমি সেটা ধরেছি।”
প্রশিক্ষণের চ্যালেঞ্জ: ভারত, রাশিয়া ও আমেরিকায় নেওয়া প্রশিক্ষণের বিষয়ে তিনি জানান, “সব ট্রেনিং-ই চ্যালেঞ্জিং। মূলত মহাকাশ যাত্রার জন্য নিজেদের প্রস্তুত করি। বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ হয়েছে, কিন্তু প্রশিক্ষণের মূল বিষয় ছিল একই।”
ISS-এর কঠিন সময়: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাঁর সবচেয়ে কঠিন সময় কোনটি ছিল? উত্তরে তিনি বলেন, “প্রথম দু-তিন দিন বেশ কঠিন ছিল। কারণ শরীর বেশ খারাপ ছিল। তারই মধ্যে কাজ করতে হয়েছে। যেহেতু আমরা বেশিদিনের জন্য সেখানে যাইনি, তাই ISS-এর পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সমস্যা হয়েছিল।”
Gen Z-কে বার্তা: তরুণ প্রজন্মকে তিনি বলেন, মহাকাশ নিয়ে আরও আগ্রহ প্রকাশ করা দরকার। কেন্দ্রীয় সরকারের লক্ষ্য ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য তাদের সক্রিয়তা জরুরি।
প্রসঙ্গত, এদিন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় ২ লাখ স্কয়ারফিটের স্কাইরুট ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন করেন। এই ক্যাম্পাসে মহাকাশ গবেষণার জন্য স্টেট অফ আর্ট ফেসিলিটি রয়েছে, যেখানে রকেট ডিজাইন, ডেভেলপমেন্ট, টেস্টিং-এর সুবিধা রয়েছে। একই সঙ্গে, স্কাইরুটের প্রথম রকেট বিক্রম-১ (Vikram 1)-ও প্রকাশ্যে আনা হয়।