তৃণমূলে যোগদানের পরই বড় দায়িত্ব! জন বার্লাকে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ করল নবান্ন

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার খুব অল্প সময়ের মধ্যেই বড় দায়িত্ব পেলেন ডুয়ার্সের পরিচিত আদিবাসী মুখ জন বার্লা। রাজ্য সরকার তাঁকে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ করেছে। এই সিদ্ধান্তের ফলে ডুয়ার্সের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্ন থেকে ইমেলের মাধ্যমে জন বার্লাকে এই নিয়োগের কথা জানানো হয়। দায়িত্ব পেয়ে খুশি জন বার্লা বলেন, “মুখ্যমন্ত্রী আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আমি খুব খুশি। ডুয়ার্সের জন্য কাজ করবো। মমতা বন্দ্যোপাধ্যায়ই এই রাজ্যের ভালো করতে পারেন।” তিনি আরও জানান, আগেই কাজ শুরু করেছিলেন, এবার এই গুরুদায়িত্ব পাওয়ায় আরও বেশি জোর দিয়ে কাজ করবেন।

কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে দূরত্ব উল্লেখ্য, ২০১৯ সালে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন জন বার্লা। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি তাঁকে আর টিকিট দেয়নি। সেই আসনে টিকিট দেওয়া হয় মনোজ টিগগাকে। এরপরই বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। প্রকাশ্যে মনোজ টিগগার সঙ্গে তাঁর বিবাদও তৈরি হয়।

বিজেপি থেকে দূরত্ব বাড়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভার মঞ্চে তাঁকে দেখা যায়। এরপরই তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে জন বার্লাকে রাজ্যস্তরের এই বড় পদ দেওয়ায় ডুয়ার্সে তৃণমূলের শক্তি আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বর্তমানে সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান। কমিশনে দুটি ভাইস চেয়ারম্যানের পদের মধ্যে একটি পেলেন বার্লা।

ব্যক্তিগত জীবনেও পরিবর্তন প্রসঙ্গত, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ব্যক্তিগত জীবনেও সম্প্রতি পরিবর্তন এসেছে। গত ২৩ এপ্রিল তাঁর প্রথম স্ত্রী মহিমা বার্লার মৃত্যু হয়। প্রায় সাত মাস পর গত ১১ নভেম্বর শিক্ষিকা মঞ্জু তিরকের সঙ্গে রেজিস্ট্রি সেরে দ্বিতীয়বার বিয়ে করেছেন জন বার্লা। এই দ্বিতীয় বিয়ের কয়েকদিনের মধ্যেই তিনি রাজ্য সরকারের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন।