‘রাজ্যে এই আইন লাগু হবে না’, মমতার প্রতিবাদের পরও নির্দেশিকা জারি! কেন তড়িঘড়ি নবান্ন পাঠাল চিঠি?

তীব্র প্রতিবাদ এবং কেন্দ্রকে সরাসরি আক্রমণের পরও অবশেষে ওয়াকফ সংশোধনী আইন, ২০২৫ (Waqf Amendment Act 2025) মেনে নিল রাজ্য সরকার। রাজ্যের ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত সমস্ত তথ্য সেন্ট্রাল পোর্টালে আপলোড করার জন্য সব জেলাশাসককে নির্দেশ দিয়েছে নবান্ন। প্রশাসনিক সূত্রে খবর, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব পি বি সালিম বৃহস্পতিবার সন্ধ্যায় সব জেলাশাসকের কাছে এই নির্দেশিকা পাঠিয়েছেন।
প্রতিবাদের পরও আইন মানল রাজ্য:
চলতি বছরের এপ্রিলের শুরুতে সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেটিতে স্বাক্ষর করলে আইনটি দেশজুড়ে কার্যকর হয়। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, রাজ্যে এই আইন লাগু হবে না। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে বাংলার একাধিক জায়গাতেও বিক্ষোভ হয়েছিল।
আইনটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও একাধিক মামলা দায়ের করা হয়। তবে সংশোধিত ওয়াকফ আইনের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করেনি শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট কেবল ওই আইনের দুটি ধারা নিয়ে আপত্তি জানিয়ে সেগুলি স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল।
কেন তড়িঘড়ি নির্দেশ:
বিশেষজ্ঞরা বলছেন, শীর্ষ আদালত ওয়াকফ সংশোধনী আইনে সম্পূর্ণ স্থগিতাদেশ না দেওয়ায়, এই আইন মানতে হবে দেশের সব রাজ্যকেই। দেশের সব নিবন্ধিত ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করার সময়সীমা আগামী ৫ ডিসেম্বর শেষ হচ্ছে। এই সময়সীমা পার হওয়ার আগেই তথ্য আপলোড করার জন্য তড়িঘড়ি রাজ্য সরকারের তরফে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হলো।
নবান্নের নির্দেশ, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ‘umeedminority.gov.in’ পোর্টালে রাজ্যের জেলা ধরে ধরে ওয়াকফ সম্পত্তির খতিয়ান বা তথ্য আপলোড করতে হবে।