‘আপনাকে এপ্রিল মাসে এমন হেলাবে যে ভাইপো যাবে জেলে’, মমতার ‘ভারত হেলানোর’ হুঙ্কারের পাল্টা শুভেন্দু অধিকারীর চরম হুঁশিয়ারি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বনগাঁর সভা থেকে হুঙ্কার দিয়েছিলেন, “আমাকে আঘাত করলে আমি সারা ভারত হেলিয়ে দেব। এটা মাথায় রেখো।” বুধবার হলদিয়ার পরিবর্তন যাত্রার সভা থেকে সেই মন্তব্যের পাল্টা চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারীর চরম হুঁশিয়ারি
মেদিনীপুরের নাম তুলে মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করেন শুভেন্দু অধিকারী:
‘ভারত হেলানোর’ জবাব: শুভেন্দু বলেন, “আপনি ভারত হেলাবেন বলেছেন, আপনাকে পশ্চিমবঙ্গের লোক এপ্রিল মাসে এমন হেলাবে, এমন হেলাবে যে আপনার ভাইপো যাবে জেলে। আর আপনাকে বাটি নিয়ে কালীঘাটের সামনে বসাব। আমাদের নাম মেদিনীপুর।”
তৃণমূলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ: রাজ্যের শাসক দলকে একহাত নিয়ে তিনি বলেন, “আপনি কাল বারাসাতে কী দেখলেন? তৃণমূল মৃত মানুষের চোখও তুলে বিক্রি করে দেয়। ভাবতে পারেন, কোন রাজ্যে বসবাস করছেন আপনারা? আমরা পঞ্চায়েত ভোটে তৃণমূল নেতাকে ব্যালট খেতে দেখেছি। এই সর্বভুক তৃণমূল সব খেয়ে হজম করে দিচ্ছে। তাই, আগামী বিধানসভা নির্বাচনে এই চোরদের আমাদের হারাতে হবে।”
বিজেপির পরিবর্তনের সংকল্প
রাজ্যে পরিবর্তনের লক্ষ্যে বিজেপির সংকল্প কী, সেই প্রসঙ্গও এদিন শুভেন্দুর বক্তব্যে উঠে আসে। তিনি বলেন, “আমাদের সংকল্প, সোনার বাংলা। প্রতি হাতে কাজ। প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ।”
ভবিষ্যতের অঙ্গীকার: তিনি আরও বলেন, “আমাদের সংকল্প কী? টাটাকে ফেরাব বাংলায়। আমাদের সংকল্প কী? শিক্ষা প্রতিষ্ঠানগুলি সরকারি…আবার নতুন করে সেজে উঠুক। আমাদের সংকল্প, নারীর সুরক্ষা। আমাদের সংকল্প, কন্যা সুরক্ষা।”
আগামী বিধানসভা নির্বাচনের আগে SIR (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) ইস্যুতে যখন রাজ্য রাজনীতি তপ্ত, সেই আবহে দুই প্রধান নেতার এই কড়া মন্তব্য সংঘাতকে আরও বাড়িয়ে দিল।