কূটনৈতিক বিতর্ক তুঙ্গে, ‘অরুণাচল চিনের ভূখণ্ড’, এই যুক্তিতে ভারতীয় পাসপোর্ট অবৈধ ঘোষণা করে মহিলাকে সাংহাইয়ে ১৮ ঘণ্টা আটক

অরুণাচল প্রদেশের বাসিন্দা এক ভারতীয় মহিলাকে সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দরে (Shanghai Pudong International Airport) প্রায় ১৮ ঘণ্টা আটকে রাখার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। চীনা কর্তৃপক্ষ তাঁর ভারতীয় পাসপোর্টকে ‘অবৈধ’ ঘোষণা করে দাবি করে যে, অরুণাচল প্রদেশে জন্ম হওয়ার কারণে তাঁর পাসপোর্ট গ্রহণযোগ্য নয়।

যুক্তরাজ্যে বসবাসকারী পেম ওয়াং থংদক নামে ওই মহিলা একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ঘটনাটি ঘটে ২১ নভেম্বর ২০২৫-এ, যখন তিনি লন্ডন থেকে জাপান যাওয়ার পথে সাংহাই বিমানবন্দরে ট্রানজিট করছিলেন।

মহিলার বিস্ফোরক অভিযোগ: থংদকের অভিযোগ, চায়না ইমিগ্রেশন এবং চায়না ইস্টার্ন এয়ারলাইনস কর্মীরা তাঁকে জানান যে, তাঁর জন্মস্থান অরুণাচল প্রদেশ ‘চিনের ভূখণ্ড’। তাই ভারতীয় নাগরিক হিসেবে তাঁর পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হয় এবং তাঁর পাসপোর্টকে ‘কার্যকরী নয়’ বলে ঘোষণা করা হয়।

তিনি জানান, ইমিগ্রেশন পার হওয়ার পর নিরাপত্তা চেকের সময় এক কর্মী তাঁকে চিৎকার করে ‘ইন্ডিয়া, ইন্ডিয়া’ বলে আলাদা করে ডেকে নিয়ে যান এবং বলেন, “Arunachal, not a valid passport”। তাঁকে জাপানগামী ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি এবং ট্রানজিট এলাকায় আটকে রাখা হয়। তাঁকে শুধুমাত্র চায়না ইস্টার্ন এয়ারলাইনস থেকে নতুন টিকিট কিনতে চাপ দেওয়া হয় এবং নতুন টিকিট না কিনলে পাসপোর্ট ফেরত না দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়।

এই ঘটনার জেরে তিনি সরাসরি প্রধানমন্ত্রী দফতরকে ট্যাগ করে প্রশ্ন করেন, “অরুণাচল প্রদেশ কি তবে চিনের অংশ?”

পরে এক বন্ধুর মাধ্যমে তিনি সাংহাইয়ে ভারতীয় কনসুলেটের সঙ্গে যোগাযোগ করেন। ভারতীয় আধিকারিকদের হস্তক্ষেপে অবশেষে তাঁকে বেশি রাতের একটি ফ্লাইটে শহর ছাড়ার ব্যবস্থা করা হয়। চিন বারবার অরুণাচল প্রদেশকে ‘দক্ষিণ তিব্বত’ বলে নিজেদের ভূখণ্ড দাবি করে। এই ভূ-রাজনৈতিক সংঘাতের মধ্যে এই ধরনের ঘটনা নতুন করে বিতর্ক সৃষ্টি করল।