মর্মান্তিক হাওড়া, উলুবেড়িয়ায় স্কুল ছুটির পর পুলকার পড়ল পুকুরে, প্রাণ গেল ৩ খুদে পড়ুয়ার, আহত আরও কয়েকজন

এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় সোমবার বিকেলে হাওড়ার উলুবেড়িয়া উত্তাল হয়ে উঠল। একটি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি রাস্তার ধারের পুকুরে পড়ে যাওয়ায় তিন স্কুল পড়ুয়ার জলে ডুবে মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও কয়েকজন শিশু।

জানা গিয়েছে, সোমবার বিকেল সাড়ে ৩টা নাগাদ জগদীশপুরের একটি কিন্ডারগার্টেন স্কুল থেকে বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে নিয়ে বহিরার উদ্দেশ্যে যাচ্ছিল চারাচালা স্কুল গাড়িটি। বহিরা শ্মশানতলার কাছে পৌঁছতেই হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং তীব্র গতিতে রাস্তার পাশে একটি পুকুরে উল্টে পড়ে।

স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে গাড়ির মধ্যে পাঁচজন শিশু আটকে পড়েছিল। যদিও দুজনের ভাগ্যে ছিল বাঁচা, তারা কোনওক্রমে গাড়ি থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু তিন খুদে পড়ুয়া গাড়ির ভেতরেই আটকে যায়।

স্থানীয় মানুষ দ্রুত উদ্ধারের কাজে নামেন। গুরুতর আহত শিশুদের উদ্ধার করে দ্রুত উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তিন পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা শুরু করে।