চাঞ্চল্যকর খুন, কসবার হোটেলে ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার, মাঝরাতে উধাও ২ সঙ্গী! ডেটিং অ্যাপে পরিচয়, মোটিভ নিয়ে ধোঁয়াশা

কসবার একটি হোটেলে বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা আদর্শ লোসাল্কাকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে পুলিশের। ঘটনার পর থেকেই পলাতক থাকার অভিযোগে ধৃত দুই অভিযুক্ত— ধ্রুব মিত্র এবং কামাল সাহা-কে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছে পুলিশ। সোমবার এই দু’জনকে আদালতে হাজির করানো হবে।
পুলিশ সূত্রে খবর, গত ২১ তারিখ রাত সাড়ে ন’টা নাগাদ আদর্শ সহ তিনজন হোটেলে প্রবেশ করেন। এরপর একটি ডেলিভারি অ্যাপের মাধ্যমে তাঁরা খাবারও অর্ডার করেন। কিন্তু, এরপরের ঘটনাটিই রহস্যময়। রাত দুটো নাগাদ ধ্রুব মিত্র (বাড়ি নদিয়া) এবং কামাল সাহা (বাড়ি ব্যারাকপুর) দু’জনই হোটেল থেকে বেরিয়ে যান। জানা গিয়েছে, ধ্রুব ও কামাল দু’জনেই দমদমে লিভ-ইন সম্পর্কে থাকতেন।
খুনের আগে ধস্তাধস্তি এবং ছিনতাইয়ের অভিযোগ
পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ দেখে পুলিশের ধারণা, আদর্শ এবং ধ্রুব-কামালের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল। হোটেল থেকে বেরিয়ে যাওয়ার সময় অভিযুক্ত দু’জন আদর্শের দুটো মোবাইল ফোন এবং মানিব্যাগ নিয়ে অ্যাপ-বাইকে করে উল্টোডাঙ্গার দিকে চলে যান। সেখান থেকে তাঁরা আদর্শের অ্যাকাউন্ট ব্যবহার করে ৭ হাজার টাকাও তুলে নেন বলে অভিযোগ।
অভিযুক্তদের বয়ান অনুযায়ী, আদর্শের সঙ্গে কামালের পরিচয় হয়েছিল একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। দু’জনের আধার কার্ডও আদান-প্রদান করা হয়েছিল। ডেটিং অ্যাপে তাঁদের ২০ তারিখ যোগাযোগ হয় এবং ২১ তারিখ তাঁরা দেখা করেন।
তবে এই খুনের আসল মোটিভ কী, বা ঠিক কী কারণে বচসা তৈরি হলো, সেই বিষয়ে এখনও পর্যন্ত পরিষ্কারভাবে কিছু বোঝা যাচ্ছে না। পুলিশ ধৃত দু’জনকে জেরা করে খুনের কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে।