এক কমিকস বইয়ের দাম ৮২ কোটি টাকা! অবিশ্বাস্য দামে নিলামে বিক্রি হয়ে রেকর্ড গড়ল ১৯৩৯ সালের সুপারম্যান

সামান্য কয়েকটি খবরের কাগজের ফাঁকে একটি বাক্সের মধ্যে অবহেলায় পড়েছিল সেটি। কিন্তু ক্যালিফোর্নিয়ার এক পরিবারের হাতে সেটি উদ্ধারের পর এখন সেই কমিকস বইটিই পেল পৃথিবীর সবচেয়ে দামি কমিকস বইয়ের তকমা। নিলামে ৯.১২ মিলিয়ন ডলারে বিক্রি হল ১৯৩৯ সালের ‘সুপারম্যান নম্বর ১’। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৮২ কোটি টাকা!
কীভাবে উদ্ধার হল অমূল্য রতন?
ঘটনাটি ক্যালিফোর্নিয়ায়। পরিবারের প্রধানের মৃত্যুর পর তাঁর ঘর পরিষ্কার করার কাজ শুরু করেছিলেন পরিবারের সদস্যরা। সেখানেই একটি বাক্সের মধ্যে কয়েকটি পুরোনো খবরের কাগজের সঙ্গে এই বিরল কমিকস বইটি খুঁজে পাওয়া যায়। দীর্ঘদিন ধরে সেটি নেহাতই অবহেলায় পড়ে ছিল।
১৯৩৯ সালের এই কমিকস বইটি বিশ্বজুড়ে সুপারম্যানের দুর্ধর্ষ এক কাহিনির প্রতিনিধিত্ব করে, যখন কমিকস চরিত্ররা মানুষের মনে পাকাপাকি জায়গা করে নিচ্ছিল। সেই তালিকায় সুপারম্যান ছিল প্রথমসারিতে।
পূর্বের রেকর্ড ভাঙা অবিশ্বাস্য দাম
কমিকস বইটি নিলামে তোলার পর তা বিক্রি হয় অবিশ্বাস্য দামে। ৯.১২ মিলিয়ন ডলারের বিনিময়ে বিক্রি হওয়ার পর, এই ‘সুপারম্যান নম্বর ১’ এখন বিশ্বের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া কমিকস বইয়ের রেকর্ড গড়ে ফেলল।
এর আগে ২০২৪ সালে এমনই একটি কমিকস বই নিলামে ৬ মিলিয়ন ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ৫৪ কোটি টাকা) বিক্রি হয়েছিল, যা তখন পর্যন্ত ছিল বিশ্ব রেকর্ড। সেই রেকর্ডকে অনেকটাই পিছনে ফেলে দিয়ে এক নতুন অবিশ্বাস্য নজির তৈরি করল এই সুপারম্যান কমিকস।