‘SIR আতঙ্কে আরও এক মৃত্যু!’ অতিরিক্ত দায়িত্ব ও চাপের শিকার বিএলও রিঙ্কু, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

নির্বাচন সংক্রান্ত কাজের চরম প্রশাসনিক চাপ আর অনলাইনে কাজ করার ‘অদক্ষতা’ সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলার বাসিন্দা রিঙ্কু তরফদার (৫১)। তিনি পেশায় একজন বুথ লেভেল অফিসার (BLO) ছিলেন। সুইসাইড নোটে তিনি সরাসরি নির্বাচন কমিশনকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করে গেছেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রিঙ্কু তরফদার দীর্ঘদিন ধরেই বিএলও-র দায়িত্বে ছিলেন। বর্তমানে ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজ চলছিল। এই কাজে অনলাইন ডেটা এন্ট্রি-সহ অতিরিক্ত প্রশাসনিক চাপ থাকায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাঁর অনলাইন কাজে কিছুটা অদক্ষতা থাকায় চাপের মাত্রা আরও বেড়ে যায় বলে পরিবারের দাবি।
পরিবারের সদস্যরা জানান, অতিরিক্ত দায়িত্ব ও চাপ রিঙ্কু তরফদারের মৃত্যুর কারণ। সুইসাইড নোটে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে প্রশাসনিক চাপ তাঁর কাছে অসহনীয় হয়ে উঠেছিল।
এই ঘটনা সামনে আসার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাম্প্রতিক সময়ে রাজ্যে একাধিক বিএলও-র অসুস্থতা ও মৃত্যুর খবর সামনে আসার পরই কৃষ্ণনগরের এই ঘটনাটি ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে চরম উদ্বেগের সৃষ্টি করল।