দমকলের ২৮ কর্মীর পদ বহাল! হাইকোর্টের রায় খারিজ করে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, কেন চাকরি ফিরল এই কর্মীদের?

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দেওয়া রায় খারিজ করে দিয়ে ২৮ জন দমকল কর্মীর চাকরি বহাল রাখল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। এর ফলে গত চার বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর কর্মজীবনের অনিশ্চয়তা থেকে মুক্তি পেলেন এই ২৮ জন অক্সিলারি ফায়ার অপারেটর।
কী ছিল অভিযোগ?
ঘটনার সূত্রপাত হয় ২০১৯ সালে, যখন রাজ্য জুড়ে প্রায় ৩ হাজার অক্সিলারি ফায়ার অপারেটর পদে নিয়োগ চলছিল। জেলাভিত্তিক নিয়োগের সেই প্রক্রিয়ায়, বীরভূমের ২৮ জন কর্মীকে ‘বেআইনি ভাবে’ নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
প্রথমে রাজ্যের ট্রাইবুনালে নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়মের চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়। পরবর্তীতে সেই মামলা কলকাতা হাইকোর্টে গড়ায়।
কলকাতা হাইকোর্টের নির্দেশ কী ছিল?
প্রায় চার বছর পর, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই ২৮ জনের নিয়োগ খারিজ করার নির্দেশ দেয়। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছিল যে, দমকলের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে স্থায়ী নিয়োগ হয়, সেখানে এই ধরনের অস্থায়ী নিয়োগ যথাযথ নয়। এই রায়ের ফলে ২৮ জন কর্মীর চাকরি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়।
সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়:
কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলাকারীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। দু’বছর পর শুক্রবার সেই মামলারই রায়দান করল বিচারপতি জে কে মহেশ্বরীর নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ।
সুপ্রিম কোর্ট স্পষ্টতই কলকাতা হাইকোর্টের দেওয়া রায় খারিজ করে দেয়। এর ফলে নিয়োগ বাতিল হওয়া ২৮ জন কর্মীর চাকরি বহাল রইল। শীর্ষ আদালতের এই রায়ের পর কর্মীদের মাথার উপর থেকে দুশ্চিন্তার মেঘ সরে গেল।