“অনুপ্রবেশকারীরা দেশের গণতন্ত্রকে কলুষিত করবে না,” SIR নিয়ে কেন তেতে উঠলেন স্বরাষ্ট্রমন্ত্রী?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় SIR (Special Integrated Revision) প্রক্রিয়া স্থগিত রাখার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা অবস্থান নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার, দিল্লিতে জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সরানোর প্রক্রিয়ার পক্ষে জোরালো সওয়াল করেন শাহ।
তিনি বলেন, অনুপ্রবেশ বন্ধ করা দেশের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। একইসঙ্গে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে কলুষিত হওয়া থেকে রক্ষা করার জন্যও ভোটার তালিকা পরিশোধন জরুরি।
বিরোধীদের কড়া বার্তা:
SIR-এর বিরোধিতা করা বিরোধী দলগুলিকে নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা অত্যন্ত ‘দুর্ভাগ্যজনক’ যে কিছু রাজনৈতিক দল এই অনুপ্রবেশকারীদের হটানোর কাজকে দুর্বল করে দিতে চাইছে। যদিও শাহ কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির নাম উল্লেখ করেননি।
অমিত শাহ আরও বলেন, “নির্বাচন কমিশন যে ভোটার লিস্ট ঝাড়াই বাছাই করার চেষ্টা করছে, কিছু দল তার বিরোধিতা করছে।”
শাহের হুঙ্কার:
অনুপ্রবেশকারীদের কড়া বার্তা দিয়ে শাহের হুঙ্কার, “দেশে একটা অনুপ্রবেশকারী ঢুকে বসে থাকলে তাকে চিহ্নিত করে সরাতে আমরা বদ্ধপরিকর। দেশের মুখ্যমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী কে হবেন, তা নির্বাচন করার অধিকার একমাত্র এই দেশের নাগরিকদের রয়েছে। কোনও অনুপ্রবেশকারীর অধিকার নেই এই গণতান্ত্রিক ব্যবস্থাকে কলুষিত করার বা সিদ্ধান্তকে প্রভাবিত করার।”
তাঁর মতে, SIR হলো ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার শুদ্ধতা নিশ্চিত করারই একটি প্রক্রিয়া। পাশাপাশি, শাহের হুঁশিয়ারি, যে সমস্ত দল এই অনুপ্রবেশকারীদের আড়াল করার চেষ্টা করছে, সাধারণ মানুষ তাদের সমর্থন করবেন না।
প্রসঙ্গত, বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চিঠিতে বিএলও (BLO)-দের দুর্দশা, অপর্যাপ্ত পরিকাঠামো এবং ভুলভ্রান্তির আশঙ্কার কথা তুলে ধরে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি স্থগিত রাখার দাবি জানান।