পাথরপ্রতিমায় গভীর রাতে দুষ্কৃতী তাণ্ডব, বিডিও’র গাড়ি-সহ একাধিক দোকানে অগ্নিসংযোগ, এলাকায় তীব্র উত্তেজনা

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় গভীর রাতে দুষ্কৃতী তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, বুধবার রাত ১টা নাগাদ দুর্গা গোবিন্দপুর স্কুল মোড় এলাকায় একের পর এক দোকান, বাড়ি এবং খোদ পাথরপ্রতিমার বিডিওর গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বিডিও’র গাড়িতে অগ্নিসংযোগ:
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাত একটা নাগাদ তাঁরা দুর্গা গোবিন্দপুর স্কুল মোড় এলাকায় বেশ কয়েকটি দোকান দাউ দাউ করে জ্বলতে দেখেন। এর মধ্যে তাঁরা দেখতে পান যে কিছুটা দূরে বিডিওর গাড়িচালক অমরেশ গিরির বাড়ির সামনে থাকা বিডিওর সরকারি গাড়িটিও জ্বলছে। স্থানীয়রা প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে গাড়িটির একাংশ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
এখানেই শেষ নয়, ঘটনাস্থল থেকে কিছুটা দূরে গ্রামের ভিতরে স্থানীয় মানুষজনের একাধিক বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুড়ে গিয়েছে একটি বাড়ির রান্নাঘর ও গোয়ালঘর। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে বেশ কিছু গবাদি পশুরও।
পুলিশের তদন্ত:
ঘটনার খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয়। আসে বিশাল পুলিশ বাহিনীও। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা এখনও জানা যায়নি। পাথরপ্রতিমা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশের প্রাথমিক অনুমান, এই তাণ্ডব একজন দুষ্কৃতীর পক্ষে করা সম্ভব নয়। এর সঙ্গে আরও কয়েকজন যুক্ত ছিল বলে মনে করা হচ্ছে। তাই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এমন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।