অভিনয় না পেয়ে বাধ্য হয়ে খুলেছিলেন খাবারের দোকান! এক বছরে কেমন চলছে পরিচালক অয়ন সেনগুপ্তের ‘পেটুক’?

টলিউডের পরিচালক অয়ন সেনগুপ্ত ছোটপর্দায় নিয়মিত কাজ করলেও গত বছর চরম আর্থিক সংকটের মুখে পড়েছিলেন। হাতে কোনও কাজ না থাকায় বাধ্য হয়ে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে যৌথ উদ্যোগে খুলে ফেলেন একটি খাবারের দোকান— নাম ‘পেটুক’। রাস্তায় ছিমছাম এই দোকানের সহজ মেনুর টানে দ্রুতই ভিড় জমাতে শুরু করেন অনেকে। টলিউডের অনেক বন্ধুও পরিচালকের পাশে দাঁড়াতে এই দোকানে ছুটে যেতেন।

টলিউডে এমন অনেকেই আছেন, যাঁরা অভিনয় বা পরিচালনার কাজ করেন, কিন্তু হাতে কাজ না থাকায় অন্য কোনও পেশা বেছে নিতে বাধ্য হন। অয়ন সেনগুপ্তও সেই পথে হেঁটেছিলেন।

‘পেটুক’-এর এক বছরে নতুন চমক:

আগামী ২১ তারিখ ‘পেটুক’-এর এক বছরের জন্মদিন। এই উপলক্ষে নতুন কিছু করার পরিকল্পনা রয়েছে অয়নের। TV9 বাংলাকে অয়ন জানান, “যেহেতু এক বছর হচ্ছে, তাই মেনুতে পনিরের একটা আইটেম আর ফিশ ব্যাটার ফ্রাই রাখার ইচ্ছা আছে।”

রাস্তায় দোকান চালানোর অভিজ্ঞতা কেমন? সেই প্রসঙ্গে তিনি বলেন, “রাস্তায় দোকান, সেই কারণে বর্ষাকালে খুব সমস্যায় পড়েছি। তাই চাইছি, দোকান তৈরি করতে না পারি, অন্তত একটা ফুড কার্ট তৈরি করতে পারি। কিছু টাকা জমাচ্ছি তার জন্য।”

সংকটকালে ‘পেটুক’ই ছিল একমাত্র ভরসা:

বর্তমানে অয়ন ধারাবাহিকে অভিনয়ের কাজ পাচ্ছেন। তা সত্ত্বেও তিনি কি দোকান বন্ধ করে দেবেন? পরিচালকের স্পষ্ট উত্তর, “আমি শুটিং না থাকলে সারাক্ষণ দোকান নিয়েই থাকি। যখন থাকতে পারি না, তখন আমার টিমের একটি ছেলে আর আমার স্ত্রী দু’ জনে দোকান সামলান।”

তিনি আরও বলেন, “আমার যখন কোনও কাজ ছিল না, সেই ক্রাইসিসের সময়ে আর্থিক দিক থেকে আর মানসিকভাবে ভেঙে পড়ছিলাম। সেই সময়ে এই দোকানটাই একমাত্র ভরসা হয়ে দাঁড়ায়। তাই দোকান বন্ধ করে দেওয়ার কথা কখনওই ভাবি না।”

বাধ্য হয়ে দোকান খুললেও, এই পথচলা পরিচালক এবং তাঁর পরিবারের সদস্যদের কাছে এখন উপভোগের বিষয়, যার কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল। ‘পেটুক’-এর প্রথম জন্মদিনে অয়ন সেনগুপ্ত একটি ফেসবুক লাইভ করার ইচ্ছা প্রকাশ করেছেন। আগামী দিনে ‘পেটুক’-এর ফুড কার্ট আনার পরিকল্পনা বাস্তবায়িত হয় কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।