৪০ বছরে দ্বিতীয়বার মা হচ্ছেন সোনম কাপুর! রাজকুমারী ডায়ানার স্টাইলে বেবি বাম্পের ছবি শেয়ার

দীর্ঘদিন ধরে চলতে থাকা জল্পনায় এবার সিলমোহর দিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। খোদ অনিল কন্যাই তাঁর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার (Sonam Kapoor second pregnancy) সুখবরটি ঘোষণা করেছেন। ৪০ বছর বয়সে ফের মা হতে চলা এই অভিনেত্রী নিজস্ব ইউনিক স্টাইলে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে এই খবর ভাগ করে নিয়েছেন।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে সোনম কাপুর দ্বিতীয় গর্ভাবস্থার ঘোষণা করেন। তিনি প্রয়াত রাজকুমারী ডায়ানার মতো গোলাপি রঙের পোশাক পরে তাঁর স্ফীত বেবি বাম্পের কিছু মনোমুগ্ধকর ছবি শেয়ার করেন।

ছবিগুলি পোস্ট করে ‘রাঞ্ঝনা’ অভিনেত্রী ক্যাপশনে কেবল একটি শব্দই লিখেছেন, যা তাঁর এই বিশেষ অনুভূতির গভীর প্রকাশ: “মা” (Mother)।

২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে চারহাত এক হয়েছিল সোনম কাপুরের। ২০২২ সালে তাঁদের জীবনে আসে পুত্র সন্তান বায়ু। আপাতত অভিনয় জগৎ থেকে দূরে থাকা সোনম কাপুরের কাছে ছোট্ট বায়ুই সবকিছু। এবার সেই বায়ুর জীবনেই আসছে নতুন ভাই বা বোন। লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে দীর্ঘ দিন দূরে থাকার পর সোনমের এই খুশির খবর ভক্তদের মধ্যেও ব্যাপক উৎসাহ তৈরি করেছে।