বিহারের ‘সোনার মেয়ে’ এখন মন্ত্রী! জামুইয়ের কঠিন আসন জিতে ক্যাবিনেটে শ্রেয়সী সিং, কে তিনি?

বৃহস্পতিবার দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জেডিইউ নেতা নীতীশ কুমার। তাঁর নতুন মন্ত্রিসভার অন্যতম প্রধান চমক হলেন রাজ্যের ‘সোনার মেয়ে’— কমনওয়েলথ গেমসে সোনাজয়ী রাইফেল শ্যুটার শ্রেয়সী সিংয়ের শপথ গ্রহণ।

এনডিএ-র প্রধান শরিক বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছাতেই এই জোট মন্ত্রিসভায় মহিলাদের বিশেষ সহাবস্থান নিশ্চিত করা হয়েছে। সেই হিসেবেই জামুইয়ের নবনির্বাচিত বিধায়ক শ্রেয়সী সিংকে নীতীশের নতুন ক্যাবিনেটে স্থান দেওয়া হয়েছে।

শ্রেয়সীর রাজনৈতিক ও ক্রীড়া পরিচয়:

৩৪ বছর বয়সী শ্রেয়সী সিং বিহারের রাজনীতিতে সুপরিচিত পরিবার থেকে এসেছেন।

পারিবারিক পটভূমি: তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রথমে জনতা দল এবং পরে ভারতীয় জনতা পার্টির নেতা দিগ্বিজয় সিংয়ের (কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং নন) মেয়ে। তাঁর ঠাকুরদা ছিলেন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি। মা পুতুল কুমারী জামুই জেলার গিধৌর কেন্দ্রের প্রাক্তন সাংসদ।

ক্রীড়াক্ষেত্রে সাফল্য: শুধু রাজনীতি নয়, ডাবল ট্র্যাপ শ্যুটিংয়ে পারদর্শী শ্রেয়সী ক্রীড়াক্ষেত্রেও সফল। তিনি ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে সোনা এবং ২০১৪ সালে রুপো জিতেছিলেন। একই বছর এশিয়ান গেমসেও টিম ইভেন্টে ব্রোঞ্জ জেতেন। তিনি ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে বিহারের হয়ে প্রথম প্রতিযোগী ছিলেন এবং ৬১-তম ন্যাশনাল শ্যুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন।

রাজনীতিতে দুর্দান্ত অভিষেক:

২০২০ সালে শ্রেয়সী বিজেপিতে যোগ দেন। অভিষেক নির্বাচনেই তিনি জামুই কেন্দ্র থেকে আরজেডি প্রার্থী বিজয় প্রকাশকে ৪১ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন। সর্বশেষ নির্বাচনে তিনি আরজেডির মহম্মদ শামশাদ আলমকে প্রায় সাড়ে ৫৪ হাজার ভোটের বিশাল ব্যবধানে হারিয়ে পুনরায় জয়ী হন।

জামুইয়ের মতো কঠিন আসনে এই বিশাল ব্যবধানে জয় হাসিল করার পরই মন্ত্রী পদের দাবিদার হিসেবে তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তাঁর ক্রীড়া খ্যাতি এবং নির্বাচনী সাফল্য বিবেচনা করে বিজেপি তাঁকে ক্যাবিনেটে স্থান দিয়েছে।