মৃত ভেবে শ্রাদ্ধ করে ফেলেছিল পরিবার, SIR-এর ভয়ে ফর্ম নিতে ২৮ বছর পর বাড়ি ফিরলেন এক ব্যক্তি

উত্তর ২৪ পরগনার বাগদার মেহেরানি কুরুলিয়া এলাকায় ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। গ্রামের লোক যাকে মৃত ভেবে শ্রাদ্ধশান্তিও করে ফেলেছিলেন, সেই জগবন্ধু মণ্ডল প্রায় ২৭ বছর পর ফিরে এলেন বাড়িতে—আর এর নেপথ্যে রয়েছে স্টেট ইনফরমেশন রেজিস্টার বা SIR প্রক্রিয়া।

বাগদার মেহেরানি কুরুলিয়া এলাকার বাসিন্দা জগবন্ধু মণ্ডল প্রায় ২৮ বছর আগে গ্রামেরই কয়েকজনের সঙ্গে কাজের সন্ধানে গুজরাতে গিয়েছিলেন। বাকিরা ফিরে এলেও তিনি ফেরেননি। দীর্ঘ সময় ধরে তাঁর কোনো খোঁজ না পাওয়ায় এবং কোনো সুনির্দিষ্ট তথ্য না মেলায় পরিবার তাঁকে মৃত বলে ধরে নেয়। এমনকী, বছর দু’য়েক আগে একজন জ্যোতিষের পরামর্শে পরিবারের লোকেরা তাঁর শ্রাদ্ধানুষ্ঠানও করে ফেলেছিলেন।

তবে, SIR প্রক্রিয়া শুরু হতেই সেই ‘মৃত’ জগবন্ধু মণ্ডল আচমকাই হাজির হন বাড়িতে! তাঁকে জীবিত দেখে হতবাক হয়ে যান পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।

প্রায় ২৭ বছর পর গ্রামে ফিরে নিজের বাড়িও চিনতে পারছিলেন না জগবন্ধু। তাঁকে চিনতে পেরে প্রতিবেশীরাই বাড়িতে পৌঁছে দেন। পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছেন, এসআইআর প্রক্রিয়ার জন্য নথি যাচাই এবং ভোটার লিস্টে নিজের নাম দেখার টানেই জগবন্ধু আবার বাড়িতে ফিরেছেন।

স্থানীয়রা জানাচ্ছেন, ভোটার তালিকায় সুলেখা মণ্ডলের পাশে জগবন্ধু মণ্ডলের নাম স্বামী হিসাবে দেখা যায়। কিন্তু এই বিষয়ে জগবন্ধু নিজে বলছেন, তিনি বিয়ে করেননি। প্রায় দুই দশকেরও বেশি সময় আগে তিনি কাজের সন্ধানে গুজরাট গিয়েছিলেন। পরে পরিবারের কাছে খবর আসে যে তিনি বাঁকুড়ায় দ্বিতীয় বিয়ে করেছেন, তবে এই খবরের কোনো সত্যতা মেলেনি।

পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন, SIR-এর নথির কারণে যে ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং মানুষ সক্রিয় হচ্ছে, এটি তারই একটি বাস্তব উদাহরণ।