মৃত্যুর পর প্রথম জন্মদিন… আজ ‘জুবিন দিবস’! লাখো ভক্তের চোখে জল, মোমবাতি জ্বালিয়ে শিল্পীকে শ্রদ্ধা অসমে!

সুরসম্রাট জুবিন গর্গের ৫৩তম জন্মদিনে আজ অশ্রুসিক্ত অসম। প্রতি বছর যে দিনটি ছিল আনন্দের উৎসব, আজ সেই ‘জুবিন দিবস’ উদযাপিত হচ্ছে গভীর শ্রদ্ধা ও আবেগ নিয়ে। শিল্পীর মৃত্যুর পর এটিই প্রথম জন্মদিন, যা জুবিন অনুরাগীরা রাজ্যের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করছেন।
সোমবার রাত থেকেই শুরু হয়েছে এই বিশেষ উদযাপন। খোয়াঙ্গের ধেমেসিতে ধেমেসি মিলনজ্যোতি যুবক সংঘের উদ্যোগে জুবিনের জন্মদিন পালন করেছে সাধারণ মানুষ। এই অনুষ্ঠানে প্রায় ২০০-র বেশি জুবিন প্রেমী শিল্পী তাঁর জনপ্রিয় গান ‘মায়াবিনী’ পরিবেশন করে পরিবেশকে প্রাণবন্ত করে তোলেন। আয়োজকদের তরফে জানানো হয়, প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে এক হাজারের বেশি প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে এবং অনুষ্ঠানটি মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত চলবে।
অনুষ্ঠানের উদ্যোক্তারা জুবিন গর্গের প্রতিচ্ছবি অঙ্কন করে শিব মন্দিরের প্রাঙ্গণে তা তুলে ধরেছেন। তারা জানান, এই আয়োজন নতুন প্রজন্মের মাঝে জুবিনকে বাঁচিয়ে রাখার চেষ্টা। ডিব্রুগড় উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতি অসীম হাজরিকা বলেন, “আমরা জুবিন গর্গকে শুধু কাজের মধ্য দিয়ে নয়, মানুষের আবেগের মধ্য দিয়ে বাঁচিয়ে রাখতে পারি।”
এদিকে, জুবিনের জন্মদিনের প্রাক্কালে সোমবার মুক্তি পেয়েছে ‘জয় জুবিন দা’ শিরোনামের একটি বিশেষ গান। জয় ফুকনের রচিত এবং পলাশ গগৈয়ের সঙ্গীত ব্যবস্থাপনায় নীল আকাশ, রাকেশ রিয়ান-সহ আরও একঝাঁক জনপ্রিয় শিল্পী গানটিতে কণ্ঠ দিয়েছেন।
কিংবদন্তির সংক্ষিপ্ত জীবনকথা:
১৯৭২ সালের ১৮ নভেম্বর মেঘালয়ের তুরাতে জন্ম নেওয়া জুবিনের আসল নাম ছিল জীবন বড়ঠাকুর। প্রখ্যাত গীতিকার জুবিন মেহতার নামে তিনি পরিচিত হন এবং পরে উপাধি হিসেবে গোত্র ব্যবহার করে ‘জুবিন গর্গ’ নামে পরিচিতি পান।
জুবিনের সঙ্গীত জীবনের বড় টার্নিং পয়েন্ট ছিল ১৯৯২ সালে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের যুব উৎসব। সেখানে একক পশ্চিমী সঙ্গীত পরিবেশন করে তিনি স্বর্ণপদক জিতেছিলেন। সেই বছরেই মুক্তি পায় তাঁর প্রথম অ্যালবাম ‘অনামিকা’, যা বিপুল জনপ্রিয়তা অর্জন করে এবং জুবিনের পেশাদারী সঙ্গীত জগতে পথ প্রশস্ত করে। শিল্পী হিসেবে, সঙ্গীত পরিচালক, গীতিকার, পরিচালক এবং অভিনেতা হিসেবে অসমের সাংস্কৃতিক জগতে তাঁর অবদান অনবদ্য। বাংলা ও হিন্দি গান-সহ প্রায় ৩৮ হাজার আধুনিক ও লোকসঙ্গীত গেয়েছেন এই কিংবদন্তি শিল্পী।