‘অনুরাগীরা চাইলেই বিয়ে হয় না, জ্যোতিষী বলেছেন ২০৪৪-এর আগে নয়’, সুস্মিতার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সাহেব ভট্টাচার্য

টলিপাড়ার জনপ্রিয় মুখ সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharjee) বাংলা ছবি, থিয়েটার এবং ছোটপর্দায় সমানভাবে সফল। বিশেষত গত দু’বছরে ‘কথা’ ধারাবাহিক দিয়ে তিনি ছোটপর্দায় একচ্ছত্র রাজত্ব করেছেন। এই ধারাবাহিকের দৌলতে সাহেব-সুস্মিতা (দে) জুটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে, অনুরাগীরা এই জুটিকে বাস্তবেও বিয়ের পিঁড়িতে দেখতে চান।

বিয়ে নিয়ে কী বললেন সাহেব?

সাহেব-সুস্মিতার বিয়েতে নেমন্তন্ন খাওয়ার কোনও সুযোগ আছে কি না, এমন প্রশ্নের উত্তরে হেসে সাহেব জানান, “আমাদের জুটিটা সত্যি অনুরাগীদের খুব পছন্দ। তাই জন্য অনেক সময়ে ভুল খবর লিখে দেওয়া হয়। তারপর আমাদের জানাতে হয়, সেটা ঠিক নয়। এখন কাজ ছাড়া আর কিছু নিয়ে ভাবছি না। জ্যোতিষী বলেছেন, ২০৪৪ সালের আগে আমার বিয়ে হবে না!”

১৭ নভেম্বর ছিল সাহেবের জন্মদিন। সেদিন সুস্মিতার শুভেচ্ছা জানানোর একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পর জল্পনা আরও বেড়েছিল। সুস্মিতা কি প্রেমের প্রস্তাব দিয়েছিলেন? সাহেব এই জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, “আমার বাড়িতে ‘কথা’-র টিমের প্রিয় মানুষরা এসেছিলেন। খুব ইনটিমেট একটা পার্টি ছিল। সুস্মিতা আমাকে জন্মদিনের শুভেচ্ছাই জানিয়েছে।”

নতুন কাজের জন্য নিজেকে প্রস্তুত করছেন

‘কথা’ ধারাবাহিক শেষ হওয়ার পর নতুন কোনও ধারাবাহিকের খবর এখনও দেননি সাহেব। কবে ফিরবেন ছোটপর্দায়? তিনি বলেন, “দু’ বছর ধরে একই অস্ত্র ব্যবহার হয়েছে। এখন একটু বিরতি। সেই অস্ত্রেই শান দেওয়ার কাজ চলছে।”

এই বিরতিতে নিজেকে আরও প্রস্তুত করছেন নায়ক। তিনি থিয়েটার করার কথা ভাবছেন এবং গান শিখতে শুরু করেছেন। হঠাৎ গান শেখার কারণ জানতে চাইলে সাহেবের স্পষ্ট উত্তর, “আজকাল অভিনেতা-অভিনেত্রীরা অনেক স্টেজ শো করেন। আমি নিয়মিত স্টেজ শো করছি। সেখানে গান গাইতে হয়। যেহেতু গান করতে হচ্ছে, মনে হয়েছে, গান শেখা জরুরি। যখন একটা স্টেজ শো করার জন্য আমি পারিশ্রমিক নিচ্ছি, তখন তার জন্য প্রস্তুতি নেওয়া দরকার। সোশ্যাল মিডিয়ায় খারাপ গান গাওয়ার জন্য ট্রোলিংয়ের মুখে পড়ার চেয়ে, গান শেখার চেষ্টা করা ভালো।”

সাহেব আরও খোলসা করেন যে, ‘কথা’-র ফ্লোরে তাঁর ও সুস্মিতার এনার্জি লেভেল এবং ‘ভাইব’ মিলে গিয়েছিল, যা এই জুটিকে জনপ্রিয়তা দিয়েছে। তবে তিনি বলেন, “আমি শুধুই সুস্মিতার সঙ্গে কাজ করব এমন নয়। কিন্তু সব কাজেই দর্শকের সমান ভালোবাসা পেতে চাই। এই জন্য অনেক ভাবনা-চিন্তা করেই, সামনে কিছু নিয়ে আসব, দর্শকদের জন্য।”