ফের উত্তপ্ত রাজপথ! অভিজ্ঞতা নম্বরের প্রতিবাদে করুণাময়ী থেকে রাজভবন পর্যন্ত মিছিল SSC-২০২৫-এর নবাগতদের

এসএসসি-২০২৫ (SSC-2025) একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বঞ্চনার অভিযোগে ফের উত্তপ্ত রাজপথ। এবার রাস্তায় নেমেছেন নবাগত চাকরিপ্রার্থীরা। করুণাময়ী থেকে রাজভবন পর্যন্ত মিছিল করে নিজেদের দাবি-দাওয়া জানালেন নতুনরা।
তাদের অভিযোগের মূল কারণ হল, ইন-সার্ভিস বা কর্মরত শিক্ষকেরা অভিজ্ঞতার জোরে অতিরিক্ত দশ নম্বর পাওয়ায় বহু যোগ্য নতুন প্রার্থী চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন।
৭০ শতাংশ কাটঅফে থমকে নবাগতরা:
বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের অভিযোগ, এবারের পরীক্ষায় ‘কাট অফ’ ৭০ শতাংশের বেশি হওয়ার কারণে বহু নতুন প্রার্থী ছিটকে গিয়েছেন। এমনও জানা গেছে, পূর্ণ নম্বর ৬০ পেয়েও চাকরি পাননি একাধিক প্রার্থী। সব মিলিয়ে মাত্র ২০ হাজারের সামান্য বেশি প্রার্থীকে ডাক দেওয়া হয়েছে। ইন-সার্ভিস শিক্ষকেরা অভিজ্ঞতার ১০ নম্বর পাওয়ায় তাঁদের মোট স্কোর বেড়ে যাচ্ছে, যা নবাগতদের সুযোগ কমিয়ে দিচ্ছে।
কমিশনকে চরম হুঁশিয়ারি:
আন্দোলনকারী নবাগতদের দাবি অত্যন্ত কঠোর। তাঁদের বক্তব্য, মন্ত্রিসভার বৈঠক ডেকে মাত্র তিন ঘণ্টার মধ্যে ভেরিফিকেশনের নতুন তালিকা প্রস্তুত করতে হবে। তাঁদের মূল দাবিগুলি হল:
অভিজ্ঞতার ১০ নম্বর বাদ দিতে হবে কমিশনকে।
আজ রাত ৮টার মধ্যে মন্ত্রিসভার বৈঠক ও ভেরিফিকেশনের নতুন তালিকা প্রস্তুত করতে হবে।
এই দাবি আদায়ের লক্ষ্যেই করুণাময়ী থেকে রাজভবন পর্যন্ত মিছিল করেন এসএসসি-২০২৫-এর নতুন চাকরিপ্রার্থীরা। রাজপথের এই নতুন আন্দোলন রাজ্য সরকারের ওপর চাপ বাড়াল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।