১০৪ মামলা আজমের, স্ত্রী-সন্তানদের বিরুদ্ধেও ৭০টির বেশি! ঘৃণামূলক বক্তব্যের পর এবার ‘ডাবল প্যান কার্ড’ বিতর্কে উত্তরপ্রদেশের SP পরিবার

জেল থেকে মুক্তির পর স্বস্তির নিঃশ্বাস নিতে না নিতেই ফের আইনি জটিলতায় উত্তরপ্রদেশের প্রভাবশালী এসপি নেতা আজম খান এবং তাঁর পুত্র আবদুল্লাহ আজম। এই বারের মামলাটি আবদুল্লাহর দুটি ভিন্ন জন্ম শংসাপত্রের ভিত্তিতে দুটি পৃথক প্যান কার্ড পাওয়ার অভিযোগ সংক্রান্ত।

২০১৯ সালে বিজেপি বিধায়ক আকাশ সাক্সেনা এই মামলাটি দায়ের করেন, যেখানে আজম খান এবং তাঁর পুত্র উভয়কেই অভিযুক্ত করা হয়। আকাশ সাক্সেনার অভিযোগ, আবদুল্লাহ আজম দুটি আলাদা জন্ম তারিখ ব্যবহার করে দুটি প্যান কার্ড সংগ্রহ করেছেন। এর মধ্যে একটি প্যান কার্ডে তাঁর জন্ম তারিখ দেখানো হয়েছে ১ জানুয়ারি, ১৯৯৩, এবং অন্যটিতে ৩০ সেপ্টেম্বর, ১৯৯০। এই অভিযোগের ভিত্তিতেই এসপি নেতা আজম খানকে মামলায় অভিযুক্ত করা হয়েছে।

দীর্ঘ কারাভোগের পর প্রায় দুই মাস আগে জেল থেকে মুক্তি পান আজম খান, এরপর থেকেই তিনি রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। সম্প্রতি, এক সপ্তাহ আগে ঘৃণামূলক বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ মামলায় আদালত তাঁকে খালাস দিলেও, এই প্যান কার্ড সংক্রান্ত নতুন ঝামেলায় আজম খানের উদ্বেগ আবারও বাড়ল।

আইনি নথি অনুযায়ী, সমাজবাদী পার্টির এই নেতার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা ১০৪টি। শুধু আজম খানই নন, তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মামলার স্তূপ জমেছে। তাঁর বড় ছেলে আদিব আজমের বিরুদ্ধে ২০টিরও বেশি এবং ছোট ছেলে আবদুল্লাহ আজমের বিরুদ্ধে প্রায় ৪০টি মামলা রয়েছে। এছাড়াও আজম খানের স্ত্রী ৩০টি মামলায় অভিযুক্ত। যদিও বিভিন্ন মামলায় ইতিমধ্যেই তাঁদের খালাস দেওয়া হয়েছে, তবে বহু গুরুত্বপূর্ণ মামলার রায় এখনও বিচারাধীন।