জামাকাপড় ফেরতের ‘চাপ’! দিনের আলোয় ধারালো অস্ত্রের কোপ বিক্রেতাকে, সিসিটিভি ফুটেজে ২ দুষ্কৃতী ভাইরাল!

কাপড় পছন্দ না হওয়ায় তা ফেরত দেওয়ার জন্য চাপ। আর সেই কাপড় ফেরত নিতে রাজি না হওয়ায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলেন এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার গাড়িঘাট এলাকায়। আক্রান্ত ব্যবসায়ীর নাম আলতাফ শেখ, যিনি বর্তমানে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, গাড়িঘাট এলাকায় আলতাফ শেখের একটি কাপড়ের দোকান রয়েছে। তাঁর অভিযোগ, তিনজন অল্পবয়সী যুবক দোকান থেকে জামাকাপড় কিনে নিয়ে যান। কিছুক্ষণ পরে তাঁরা কাপড় পরিবর্তন করার জন্য ফিরে এলে দোকান মালিকের সঙ্গে তাঁদের তীব্র বচসা শুরু হয়। বচসার পর যুবকেরা ফিরে গেলেও আধ ঘণ্টা পরই ঘটে সেই ভয়াবহ ঘটনা।

আলতাফ শেখের দাবি, কিছুক্ষণ পর মুখ ঢেকে দু’জন যুবক ধারালো অস্ত্র নিয়ে তাঁর দোকানে ঢুকে পড়েন এবং তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। দিনের আলোয় প্রকাশ্যে এই হামলার পর ধারালো অস্ত্র হাতে দুই দুষ্কৃতীকে দ্রুত রাস্তা দিয়ে ছুটে পালিয়ে যেতে দেখা যায়। এই গোটা দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে।

গুরুতর আহত অবস্থায় আলতাফ শেখকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত দুই যুবকের খোঁজে তল্লাশি শুরু করলেও এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। দিনে দুপুরে এমন ভয়াবহ ঘটনায় এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।