হর্ন নেই, ট্রাফিক জ্যামও উধাও! ভারতের এই শহরে গাড়ি চলে সম্মানের সাথে—জানলে চোখ কপালে উঠবে!

ভারতের শহরাঞ্চলের জীবন মানেই যানজট, বিশৃঙ্খল রাস্তা আর কানের পর্দা ফাটানো হর্নের শব্দ। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুর মতো মেট্রো শহরগুলিতে ট্র্যাফিকের কবলে পড়ে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো এখন প্রায় দুঃস্বপ্ন। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, উত্তর-পূর্ব ভারতের একটি শহর এই সমস্যা থেকে পুরোপুরি মুক্ত। এটি হল মিজোরামের রাজধানী আইজল।
ভারতের অন্যতম সাধারণ সমস্যা ট্র্যাফিকের ভিড় এবং লাগাতার হর্ন বাজানোর প্রবণতা। কিন্তু এই দিক থেকে আইজল দেশের অন্যান্য শহরগুলির থেকে সম্পূর্ণ আলাদা। সেখানকার রাস্তাগুলি তুলনামূলকভাবে সরু হওয়া সত্ত্বেও, রাস্তায় হর্ন বাজানো বা ওভারটেক করার জন্য চালকদের মধ্যে বিন্দুমাত্র তাড়াহুড়ো দেখা যায় না। এখানকার মানুষ রাস্তার শৃঙ্খলা বজায় রাখতে অভ্যস্ত।
আইজলের অন্যতম বিশেষত্ব হল, শহরের অধিকাংশ জায়গায় কোনো ট্র্যাফিক লাইট নেই। তবুও সেখানে চালকরা ধৈর্যের সঙ্গে লাইনে অপেক্ষা করেন এবং ট্রাফিক নিয়ম মেনে চলেন। এই স্বতঃস্ফূর্ত শৃঙ্খলাবোধের কারণে তাদের খুব কমই হর্ন বাজাতে হয়। যখন কোনো চালক পাশের গাড়িকে পাশ কাটিয়ে যেতে চান, তখন তিনি অত্যন্ত হালকাভাবে একবার হর্ন বাজিয়ে সংকেত দেন। সামনের গাড়িটিও তখন ঝামেলা না করে সহজেই পথ ছেড়ে দেয়।
আইজলের এই শান্তিপূর্ণ ট্র্যাফিক ব্যবস্থা সেখানকার সাধারণ মানুষের সৌজন্যবোধ থেকেই তৈরি হয়েছে। তারা একটি শান্ত এবং সম্মানজনক সড়ক সংস্কৃতি তৈরি করেছে, যা দেশের বাকি শহরগুলোর জন্য এক অনন্য উদাহরণ।