‘আমার ইতিবাচক থাকার পাওয়ার হাউজ তুমি’! জন্মদিনে সাহেব ভট্টাচার্যকে নিয়ে আদুরে পোস্ট সুস্মিতার

টলিউডের অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং অভিনেত্রী সুস্মিতা দে-এর প্রেমের গুঞ্জন। ধারাবাহিক ‘কথা’ থেকেই নাকি শুরু হয়েছিল তাঁদের সম্পর্কের রসায়ন। যদিও ধারাবাহিক শেষ, তবুও বিভিন্ন ফটোশ্যুট এবং অনুষ্ঠানে হামেশাই একসঙ্গে দেখা যায় এই জুটিকে। আর আজ, সাহেবের জন্মদিনে, সুস্মিতা সোশ্যাল মিডিয়ায় একটি আদুরে পোস্ট করে সেই গুঞ্জনে আরও খানিকটা হাওয়া দিলেন।

জন্মদিনে সুস্মিতার বিশেষ বার্তা
সোশ্যাল মিডিয়ায় সাহেবের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন সুস্মিতা। সম্প্রতি একটি অনুষ্ঠানে তোলা ছবিতে সুস্মিতাকে দেখা যাচ্ছে লাল শাড়িতে, আর সাহেবের পরনে কালো শার্ট। সেই ছবি দুটি শেয়ার করে সুস্মিতা লিখেছেন:

“শুভ জন্মদিন ভট্টাচার্য রাজা। ঈশ্বর আর শ্রী রাধারানি তাঁদের আশীর্বাদ সর্বদা তোমার ওপর বজায় রাখুন। চিরকাল খুশি থাকো, আনন্দে থাকো- আর ভালবাসায় থাকো। তোমায় তো আমার ইতিবাচক থাকার পাওয়ার হাউজ বলে মনে হয়। তোমার মনটা ভীষণ ভাল। চিরকাল এমনই থেকো। প্রত্যেকটা মানুষের জীবনে সাহেব ভট্টাচার্যের মতো একটা মানুষ থাকা উচিত।”

গভীর হচ্ছে সম্পর্কের রসায়ন
এই প্রথম নয়, সাহেব আর সুস্মিতার পারস্পরিক পোস্টে হামেশাই তাঁদের গভীর সম্পর্কের রসায়ন ধরা পড়ে। অনুরাগীদের অনেকেই চান, এই চর্চিত জুটিকে ফের একসঙ্গে নতুন কোনো ধারাবাহিকে নায়ক-নায়িকার চরিত্রে দেখা যাক। যদিও তাঁরা এখনও পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে খোলাখুলি মুখ খোলেননি।

প্রসঙ্গত, সাহেবের সঙ্গে প্রেমের গুঞ্জন শুরু হওয়ার আগেই সুস্মিতার দীর্ঘদিনের একটি সম্পর্কের বিচ্ছেদ ঘটে। সেই সম্পর্কে তাঁর বাগদানও হয়ে গিয়েছিল। তবে ‘কথা’ ধারাবাহিকের পর কার্যত অভিনেত্রীর জীবন বদলে যায়। গুঞ্জন বলছে, সুস্মিতা কবে খোলাখুলি সাহেবের সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করবেন, তা কেবল সময়ের অপেক্ষা।