ভোটমুখী বাংলায় গাড়িতে টাকার পাহাড়! নারায়ণপুরে ৫ কোটি টাকা-সহ ২ জনকে গ্রেফতার করল বেঙ্গল STF

নির্বাচনমুখী পশ্চিমবঙ্গে ফের বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হলো। সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার নারায়ণপুরের আকাঙ্খা মোড়ে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করল বেঙ্গল স্পেশাল টাস্ক ফোর্স (STF)। এই ঘটনায় গাড়ির মালিক-সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।

নিউটাউন থেকে টাকার উৎস সন্ধান
বেঙ্গল STF-এর গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, নিউটাউন এলাকা থেকেই এই বিপুল অঙ্কের টাকা আনা হচ্ছিল। কিন্তু এই টাকার উৎস কী এবং কী উদ্দেশ্যেই বা তা গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গ্রেফতার হওয়া ২ জনকে জিজ্ঞাসাবাদ করে টাকার উৎসের সন্ধানে জোর কদমে তদন্ত শুরু করেছে STF।

নির্বাচনের আগে বিপুল অর্থ উদ্ধার
বাংলায় এখন জোর কদমে এসআইআর (SIR) চলছে এবং এর মধ্যেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের বাদ্যি বেজে গিয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের একটি দলও কিছুদিন আগে রাজ্য ঘুরে গিয়েছে। ঠিক এই সময়ে হঠাৎ করে বিপুল পরিমাণ টাকা উদ্ধারে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।

কলকাতায় বারবার টাকা উদ্ধার
চলতি মাসের শুরুতেও কলকাতার অন্তত ১০টি জায়গায় ইডি (ED) তল্লাশি চালিয়েছিল। এমনকি গত সপ্তাহেও পুর নিয়োগ দুর্নীতি মামলায় তারাতলার এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি, যেখানে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছিল।

তবে এবারের উদ্ধার হওয়া টাকার নেপথ্যে কোনও দুর্নীতি, হাওয়ালা বা অন্য কোনো চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। বিপুল পরিমাণ এই নগদ অর্থ বাজেয়াপ্ত করে তদন্তকারীরা এখন এই ২ জনকে জেরা করে চক্রের মূল মাথাদের হদিস জানার চেষ্টা করছেন।