বিহারের ফল ‘বিস্ময়কর’, নির্বাচন স্বচ্ছ ছিল না! ভরাডুবির পরই বিস্ফোরক রাহুল গান্ধী

বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ (NDA) ঝড়ে বিরোধীরা খড়কুটোর মতো উড়ে যাওয়ায় মহাগঠবন্ধন শিবিরে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। এরই মধ্যে এই হারের কারণ এবং নির্বাচনের ফল নিয়ে মুখ খুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিহারের ফলকে তিনি ‘বিস্ময়কর’ বলে উল্লেখ করেছেন এবং একইসঙ্গে এই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে আক্রমণ শানিয়েছেন।

ফল ঘোষণার পরই এক্স হ্যান্ডলে (X Handle) সরব হন রাহুল। তিনি লেখেন, “বিহারের এই ফল সত্যিই বিস্ময়কর। আমরা এই নির্বাচনে জয়ী হতে পারিনি, যে নির্বাচন প্রথম থেকেই স্বচ্ছ ছিল না।”

কংগ্রেসের ভরাডুবি: ৬১-এ ৬

বিহার নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হয়েছে বলা চলে। ২০২০ সালের নির্বাচনে ১৯টি আসন পেলেও, এবার ৬১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেসের ঝুলিতে এসেছে মাত্র ৬টি আসন। কোনওরকমে ‘শূন্য’ হতে হতে বেঁচেছে হাত শিবির। অন্যদিকে, মহাগঠবন্ধনের অন্যতম মূল দল আরজেডি (RJD) ২০২০ সালের ৭৫টি আসন থেকে নেমে এসে পেয়েছে মাত্র ২৫টি আসন। এনডিএ ২০০-র বেশি আসন নিয়ে জয়লাভ করেছে।

দলের এই খারাপ ফল নিয়ে রাহুল লেখেন, “মহাগঠবন্ধনের উপর যে লক্ষ লক্ষ ভোটার বিশ্বাস রেখেছেন, তাঁদের কৃতজ্ঞতা জানাই।”

গণতন্ত্র রক্ষার লড়াই চলবে

শুধু রাহুল গান্ধীই নন, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও সাংবিধানিক প্রতিষ্ঠানকে অপব্যবহারের অভিযোগ তুলে সরব হয়েছেন। তবে এই ধাক্কার পরও লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন রাহুল। এক্স হ্যান্ডলে তিনি আরও লেখেন, “গণতন্ত্র ও সংবিধানকে রক্ষার লড়াই এটা। কংগ্রেস ও ‘ইন্ডিয়া’ জোট এই ফল নিয়ে গভীরভাবে পর্যালোচনা করবে। গণতন্ত্র রক্ষার প্রচেষ্টা আরও বাড়ানো হবে।”