কালিয়া-ঝোল খেয়ে মুখে অরুচি? মাত্র ২০ মিনিটে বানিয়ে ফেলুন জিভে জল আনা ‘রুই পোস্ত’, রইল সহজ রেসিপি!

বাড়িতে রুই মাছ (Rohu Fish) এলেই সেই একঘেয়ে মাছের কালিয়া বা ঝোল রান্না করা হয়। যদি সেই একই ধরনের পদ খেয়ে আপনার মুখে অরুচি ধরে গিয়ে থাকে, তবে এবার সেই স্বাদ বদলাতে রান্না করতে পারেন ‘রুই পোস্ত’। এই পদটি তৈরি করতে সামান্য কিছু উপকরণ ও কম সময় লাগে। খুব সহজে জিভে জল আনা এই পদটি কীভাবে বানাবেন, দেখে নিন তার সম্পূর্ণ রেসিপি।

উপকরণ:
রুই মাছ – ৬ টুকরো

পেঁয়াজ – ১টি (মাঝারি আকারের, পাতলা করে কাটা)

পোস্ত দানা – ২ টেবিল চামচ

হলুদ গুঁড়ো – আধ চা চামচ

লাল মরিচ গুঁড়ো – আধ চা চামচ

কাঁচা লঙ্কা – ৫-৬টি (চেরা)

সরষের তেল – ৫-৬ টেবিল চামচ

নুন – পরিমাণমতো

গরম জল – আধ কাপ

রন্ধন প্রণালী:
১. প্রথমে মাছের টুকরোগুলি পরিষ্কার জলে ধুয়ে নিন। মাছগুলিতে পরিমাণমতো নুন ও এক চিমটি হলুদ গুঁড়ো ভালো করে মেখে রাখুন। ২. পোস্ত দানা অন্তত আধ ঘণ্টা জলে ভিজিয়ে রেখে মিহি করে পেস্ট (বেটে নিন) তৈরি করুন। ৩. এবার কড়াইতে ৪ টেবিল চামচ সরষের তেল গরম করুন। তেল গরম হলে তাতে মাছের টুকরোগুলি হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন। ৪. মাছ ভাজার পর কড়াইতে আরও কিছুটা তেল দিন। তেল গরম হলে তাতে ৪টি চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিন। ৫. সুন্দর গন্ধ বেরোলে কড়াইতে পোস্ত বাটা দিয়ে দিন এবং হালকা নাড়াচাড়া করুন। ৬. এবার সমস্ত গুঁড়ো মশলা (হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো) যোগ করুন। অল্প জল ছিটিয়ে ২-৩ মিনিট ধরে মশলাটি কষে নিন। ৭. কষা হয়ে গেলে আধ কাপ গরম জল দিন এবং নুনের পরিমাণ ঠিক করে নিন। ৮. ঝোল ফুটতে শুরু করলে ভাজা মাছের টুকরোগুলি কড়াইতে দিয়ে ঢেকে দিন। ৩ থেকে ৫ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। ৯. সবশেষে ২টি কাঁচা লঙ্কা ও ১ চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখুন।

গরম ভাতের সঙ্গে জিভে জল আনা রুই পোস্ত গরম গরম পরিবেশন করুন।