‘এ বার টার্গেট বাংলা,’ বিহার দেখে চাঙ্গা বঙ্গ BJP, ‘পাত্তাই দিচ্ছে না’ TMC

বিহার বিধানসভা নির্বাচনে ১৯০-এর বেশি আসনে এগিয়ে গিয়ে ভূমিধস জয় নিশ্চিত করার পথে এনডিএ জোট। শুক্রবার সকাল থেকেই নীতীশ-বিজেপি-চিরাগদের দাপট স্পষ্ট হওয়ায় গেরুয়া শিবিরে এখন চরম উচ্ছ্বাস। এই বিপুল ফলাফলে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বিজেপি নেতৃত্ব।

সেই আবহেই কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সরাসরি ঘোষণা করেন, “বিহারের পর এবার বাংলার পালা।” শুধু তাই নয়, এর কিছুক্ষণ পরই রাজ্য বিজেপির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করা হয় কড়া বার্তা: ‘নেক্সট ওয়েস্ট বেঙ্গল’

মমতাকে সরাসরি নিশানা: ‘বাইরের শক্তির মদতে বিশৃঙ্খলা’

কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে বলেন:

“আমরা বাংলাতেও জিতব। এখনকার সরকার বাইরের শক্তির মদতে বিশৃঙ্খলা তৈরি করছে। কিন্তু বাংলার মানুষ এবার সত্যটা বুঝবেন।”

বিহারে জয়ে ‘অক্সিজেন’ পেল বঙ্গ বিজেপি

কয়েক বছর ধরেই বাংলায় নিজেদের রাজনৈতিক জমি শক্ত করতে মরিয়া বিজেপি। যদিও ২০২১ সালের বিধানসভায় ‘২০০ পার’-এর ডাক দিয়েও তারা লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। সংগঠনগত ভাঙন এবং অসন্তোষের কারণে গেরুয়া শিবির তখন ব্যাকফুটে চলে যায়।

রাজনৈতিক মহলের মতে, বিহারের এই ল্যান্ডস্লাইড ট্রেন্ড বাংলার বিজেপির নেতা-কর্মীদের জন্য নতুন ‘অক্সিজেন’ হিসেবে কাজ করছে, যা তাদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিল।

তৃণমূলের কটাক্ষ: ‘বহিরাগত রাজনীতি চলবে না’

বিজেপির এই হুঙ্কারকে গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। দলটির রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ:

“বাংলায় শীত, গ্রীষ্ম, বর্ষা—মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা।”

২০২১ সালের নির্বাচন থেকেই তৃণমূল বারবার দাবি করে আসছে যে বাংলার ভোটাররা ‘বহিরাগত রাজনীতি’ মানবেন না। তারা বিজেপির ‘বাংলা দখল’ সুরকে রাজনৈতিক প্রচার মাত্র বলেই উড়িয়ে দিচ্ছে।

বাংলার বাস্তবতা কোন দিকে?

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একদিকে তৃণমূলের গ্রাসরুট সংগঠন এখনও শক্তিশালী এবং অন্যদিকে বিজেপির সংগঠনগত কোন্দল এখনো কাটেনি। তবে, বিহারের ফল যে বিজেপির মনোবল বাড়িয়ে দিয়েছে, তা স্পষ্ট। আগামী লোকসভা এবং বিধানসভা নির্বাচনের আগে এই রাজনৈতিক চাপানউতোর যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।