হাসপাতালের বেডে শুয়ে ধর্মেন্দ্র, আইসিইউ-র গোপন ভিডিয়ো ফাঁস করায় গ্রেফতার বিচ ক্যান্ডির ১ কর্মী

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর অসুস্থতা নিয়ে গত কয়েকদিন ধরে গোটা দেশে উদ্বেগ ছিল। ১১ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে মুম্বইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হওয়ার পর মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে তাঁর ভুয়ো মৃত্যুর খবর রটে যায়। যদিও দ্রুত পরিবারের পক্ষ থেকে সেই খবর অস্বীকার করে জানানো হয়, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বুধবার তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
তবে এই কঠিন সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের ভিতরের একটি ভিডিয়ো ভাইরাল হয়, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দেওল পরিবার।
ভিডিয়োতে যা দেখা যায়: ফাঁস হওয়া ভিডিয়োটিতে দেখা যায়, ধর্মেন্দ্র আইসিইউ-র বিছানায় শুয়ে আছেন। পাশে তাঁর দুই ছেলে সানি দেওল ও ববি দেওল, এবং নাতি করণ দেওল ও রাজবীর দেওল-সহ পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন। ভিডিয়োতে প্রথম স্ত্রী প্রকাশ কৌরকেও কাঁদতে দেখা যায়, এবং পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েন।
ফাঁসের কারণ ও গ্রেফতার: হিন্দুস্থান টাইমস-এর খবর অনুযায়ী, এই ভিডিয়োটি রেকর্ড করেছিলেন হাসপাতালের এক কর্মী, যিনি পরে এটি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেন। এইচ.টি. সিটি সূত্রে জানা গিয়েছে, ওই কর্মীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। কীভাবে ভিডিয়োটি শুট করা হয়েছিল এবং কারা এর সঙ্গে যুক্ত, তা নিয়ে তদন্ত চলছে।
মেজাজ হারালেন সানি দেওল
পরিবারের সদস্যরা যে এই ব্যক্তিগত মুহূর্তের গোপনীয়তা লঙ্ঘন পছন্দ করেননি, তা সানির পোস্টেই স্পষ্ট ছিল। হাসপাতাল থেকে ফেরার পর সানি অনুরোধ করেছিলেন: “আমরা বিনীত অনুরোধ করছি, তাঁর এবং পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানো হোক।”
কিন্তু গোপনীয়তা রক্ষা না হওয়ায় বৃহস্পতিবার সকালে সানি দেওল রীতিমতো মেজাজ হারান। তাঁকে বলতে শোনা যায়, “আপনাদের বাড়িতেও মা-বাবা, সন্তান আছে… লজ্জা করে না?”