ভোটার তালিকায় ৪৩ লক্ষ ‘মৃত’ ভোটার! আধার তথ্যে নড়েচড়ে বসল কমিশন, শুরু মেগা অভিযান

রাজ্যের ভোটার তালিকা থেকে মৃত নাগরিকদের নাম মুছে ফেলার ক্ষেত্রে এবার চরম সক্রিয়তা দেখাল নির্বাচন কমিশন (Election Commission)। আধার কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠকের পর পশ্চিমবঙ্গে অন্তত ৪৩ লক্ষ মৃত ভোটারের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা কার্যত ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আধার কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ব্যাঙ্ক অ্যাকাউন্টে KYC আপডেট বন্ধ থাকা বা বাতিল হওয়া তথ্যের ভিত্তিতেই মৃত নাগরিকদের একটি বড় অংশকে চিহ্নিত করা গিয়েছে। এই বিশ্লেষণেই প্রকাশ পেয়েছে যে, প্রায় ৪৩ লক্ষ ভোটার ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন। এর পাশাপাশি আরও প্রায় ১৩ লক্ষ ব্যক্তির নাম পাওয়া গিয়েছে যাঁদের আধার কার্ড ছিল না, অথচ তাঁরাও মৃত।
এই বিশাল পরিসংখ্যানের ভিত্তিতেই রাজ্যের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়েছে কমিশন। শুধু তাই নয়, কমিশনের পক্ষ থেকে জেলা প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, জেলার সমস্ত সামাজিক প্রকল্পের তালিকা— যেমন বিধবা ভাতা, সমব্যাথী প্রকল্প, বৃদ্ধভাতা— কঠোরভাবে খতিয়ে দেখতে হবে। ওই তালিকার সঙ্গে ভোটার তালিকার তথ্য মিলিয়ে দেখা হবে মৃতদের নাম এখনও সক্রিয় আছে কি না। মূলত, মৃত ভোটারের নাম বাদ দেওয়াই বর্তমানে কমিশনের অন্যতম অগ্রাধিকারমূলক কাজ হিসেবে চিহ্নিত হয়েছে।
কোথায় কোথায় পিছিয়ে ফর্ম বিলির কাজ? রাজ্যে এনুমারেশন ফর্ম বিলির কাজ প্রায় শেষের পথে হলেও কিছু এলাকায় এখনও কাজে গতি আসেনি। কমিশন সূত্রে খবর, বুধবার পর্যন্ত ৬ কোটি ৮৭ লক্ষ ফর্ম বিলি হলেও শিলিগুড়ি, কালিয়াগঞ্জ, তপন, রাণাঘাট উত্তর পূর্ব, জগদ্দল, নোয়াপাড়া, খড়দহ, পানিহাটি, রাজারহাট, নিউটাউন, বিধাননগর, রাজারহাট-গোপালপুর, জয়পুর, বারুইপুর পূর্ব-পশ্চিম, সোনারপুর উত্তর-দক্ষিণ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, মহেশতলা, মেটিয়াব্রুজ, কলকাতা বন্দর, বেলেঘাটা, জোড়াসাঁকো, কাশীপুর বেলগাছিয়া, বালি, হাওড়া উত্তর-দক্ষিণ, খড়্গপুর সদর, দুবরাজপুর, সিউড়ি, আলিপুরদুয়ার, কুলটি, কসবা— এই সমস্ত জায়গায় এখনও ৭৫ শতাংশের কম ফর্ম বিলি হয়েছে। এনুমারেশন ফর্ম ভেরিফিকেশনের কাজ শেষ হলেই পরবর্তী ধাপে মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।