ইডেনের পিচ নিয়ে চরম অসন্তোষ গম্ভীর-গিলদের! কিউরেটরের সঙ্গে দফায় দফায় বৈঠক, চলছে ‘ঘাস’ বিতণ্ডা

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচের আগে ইডেন গার্ডেন্সের (Eden Gardens) বাইশ গজে চূড়ান্ত নাটক চলছে। একদিকে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ঘরোয়া আড্ডায় পিচ নিয়ে পূর্বাভাষ করেছেন যে বল ‘বাঁই বাঁই’ করে ঘুরবে, অন্যদিকে ভারতীয় দল সেই ঘূর্ণি পিচের বায়না করে চলায় কিউরেটররা নাজেহাল। কোচ গৌতম গম্ভীর সোমবার থেকেই স্পিনারদের স্বর্গরাজ্য চেয়ে চলেছেন।

কিন্তু গত এক দশক ধরে ইডেনের পিচ চরিত্রগতভাবে বদলে গতি ও বাউন্স-সম্পন্ন হয়ে উঠেছে। রাতারাতি এই ভোলবদল করতে জল দেওয়া বন্ধ করা হয় এবং বিসিসিআই-এর পিচ কমিটির দুই প্রতিনিধি (আশিস ভৌমিক ও তাপস চট্টোপাধ্যায়) অর্ডারি পিচ বানানো কার্যত সারা করে ফেলেন।

পিচ দেখে খুশি নন গম্ভীর-গিল
বুধবার ভারতীয় দলের অনুশীলনের সময় ক্লাব হাউসের লোয়ার টিয়ারে দাঁড়িয়ে দেখা যায়, কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শুভমন গিল, রবীন্দ্র জাডেজা-সহ দলের সদস্যরা দফায় দফায় পিচ পর্যবেক্ষণ করে চলেছেন। আর প্রত্যেকেই পিচ দেখার পর কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন। তাঁদের শারীরিক ভাষা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল, তাঁরা পিচ নিয়ে খুব একটা খুশি নন।

কয়েকবার দেখা গেল গম্ভীর ও সহকারী কোচ সীতাংশু কোটাক বোর্ডের কিউরেটরদের কিছু নির্দেশ দিচ্ছেন। কিউরেটর সুজন মুখোপাধ্যায় অবশ্য প্রকাশ্যে বলেন, “পিচ নিয়ে ভারতীয় দল খুশি। অন্য ব্যাপারে কথা হচ্ছিল।”

সমস্যা গুড লেংথ স্পট ও পপিং ক্রিজের ঘাস!
তবে খোঁজ নিয়ে জানা গেল, গম্ভীরের আপত্তির মূল কারণ— উইকেটের গুড লেংথ স্পট ঘাসবিহীন (ন্যাড়া) হলেও, দুদিকে ফুল বা হাফভলি লেংথে সামান্য যে ঘাস রয়েছে, সেটা ওড়ানো নিয়েই দর কষাকষি চলছে। এই সামান্য ঘাস স্পিনারদের জন্য সমস্যার কারণ হতে পারে, এই আশঙ্কা ভারতীয় শিবিরে।

রঞ্জি ট্রফিতে উত্তরাখণ্ড ম্যাচের সময় বাংলার পেসাররাও একইরকম সমস্যায় পড়েছিলেন—গুড লেংথ স্পটে বল করে সাহায্য পাচ্ছিলেন না, আর ওপরে খেলাতে গিয়ে রান গলিয়ে ফেলেছিলেন।

স্পিন-ত্রিফলায় দক্ষিণ আফ্রিকাকে গাঁথতে চাওয়া ভারতীয় শিবির (জাডেজা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর পটেলকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন সহকারী কোচ) এখন চিন্তায় রয়েছে: ইডেনের পিচে বল ঘুরবে তো? ঘুরলে কতটা? আর যদি না ঘোরে, তাহলে এই স্পিন-ফর্মুলা ব্যুমেরাং হবে না তো? কারণ বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার দলেও কেশব মহারাজ ও সাইমন হার্মার-এর মতো স্পিনাররা রয়েছেন।