অস্ট্রেলিয়ান ওপেন প্লে-অফের জন্য চিনের ভিসা পেলেন না ভারতের ১ নম্বর টেনিস তারকা সুমিত নাগাল

ভারতের এক নম্বর টেনিস তারকা সুমিত নাগালের অস্ট্রেলিয়ান ওপেনের যোগ্যতা নির্ণায়ক পর্বে অংশগ্রহণের পথে বড়সড়ো বিপত্তি। আগামী বছর প্রথম গ্র্যান্ড স্ল্যামে অংশ নেওয়ার জন্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলভিত্তিক প্লে-অফে খেলতে শীঘ্রই চিনে পৌঁছনোর কথা ছিল তাঁর। কিন্তু অপ্রত্যাশিতভাবে চিনে যাওয়ার ভিসা হাতে পেলেন না সুমিত।

এই ঘটনায় হতাশ হয়ে দেশের পয়লা নম্বর টেনিস প্লেয়ার সুমিত নাগাল সোশ্যাল মিডিয়ায় কাতর আর্জি জানিয়েছেন। তিনি ভারতে চিনা দূতাবাসের মুখপাত্র এবং সেদেশের দূতকে এ বিষয়ে হস্তক্ষেপ করে সমস্যার আশু সমাধানের অনুরোধ জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় আর্জি:

বছর আঠাশের এই তারকা অভিযোগ করেছেন, বৈধ কোনো কারণ ছাড়াই তাঁর চিনে যাওয়ার ভিসার আবেদন খারিজ করা হয়েছে। এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) নাগাল লিখেছেন:

“জু ফেইহং (ভারতে চিনের দূত) এবং জু জিং (ভারতে চিনা দূতাবাসের মুখপাত্র) মহাশয় বিষয়টি জরুরিভিত্তিক। আমি সুমিত নাগাল, ভারতের এক নম্বর টেনিস প্লেয়ার। অস্ট্রেলিয়ান ওপেনের প্লে-অফে ভারতের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণের জন্য শীঘ্রই আমার চিনে যাওয়ার কথা ছিল। কিন্তু আমার ভিসার আবেদন বৈধ কোনো কারণ ছাড়াই প্রত্যাখ্যান করা হয়েছে। আপনাদের জরুরি সাহায্য পেলে কৃতজ্ঞ থাকব।”

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সুমিত নাগালের এই কাতর আর্জি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ভারতীয় টেনিস তারকার ডাকে সাড়া দিয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকেরা এই সমস্যার সমাধান করতে পারেন কি না, এখন সেটাই দেখার। ঠিক কী কারণে নাগালের ভিসার আবেদন গ্রাহ্য হল না, তা নিয়েও অনুরাগীরা কারণ জানতে মুখিয়ে রয়েছেন।

নাগালের বর্তমান অবস্থান:

বর্তমানে সুমিত নাগাল বিশ্ব ব়্যাংকিংয়ে ২৭৫ নম্বরে রয়েছেন। যদিও গত দু’টি মরশুমে তিনি অসাধারণ টেনিস উপহার দিয়েছিলেন। একসময় তাঁর ব্যক্তিগত সেরা ব়্যাংকিং ছিল ৬৮তম স্থানে (গত বছরেই)। এই মুহূর্তে ব়্যাংকিংয়ে কিছুটা অধঃপতন হলেও, ভারতীয় টেনিস সার্কিটের এই উজ্জ্বল নাম পুনরায় ক্রমতালিকার প্রথম একশোয় ফেরার প্রচেষ্টা জারি রেখেছেন।

উল্লেখ্য, ২০২৪ অস্ট্রেলিয়ান ওপেনে নাগাল ইতিহাস গড়েছিলেন। তিনি প্রতিযোগিতার ৩১তম বাছাই আলেকজান্ডার বুবলিককে স্ট্রেট সেটে হারিয়ে দেন। সেইসঙ্গে ১৯৮৯ সালের পর প্রথম ভারতীয় টেনিস প্লেয়ার হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামে বাছাই প্রতিদ্বন্দ্বীকে হারানোর নজির গড়েছিলেন সুমিত।