আপনার সঙ্গীর মনে কি চলছে বুঝে নিন সোশ্যাল মিডিয়ার পাতা থেকেই

> আজকাল আপনার সঙ্গী কি সোশ্যাল মিডিয়ায় একটু বেশি সময় কাটাচ্ছে? আপনার সঙ্গে কাটানো সময়ের থেকেও যদি তা বেশি হয়, তবে তো অবশ্যই চিন্তার বিষয়। এই সমস্যার কারণে আপনার সঙ্গে আলাপ-আলোচনার চেয়ে তিনি সোশ্যাল মিডিয়ার প্রতিই বেশি আকর্ষণ অনুভব করছেন। যা আপনাদের একান্ত সময়ে ভাগ বসাচ্ছে। আর এতে সম্পর্কে দিন দিন প্রাণ হারাতে থাকে। তাই সাবধান!
> খেয়াল রাখুন তার সাম্প্রতিক পোস্টগুলোয়। যদি আপনাদের একান্ত জীবনযাপন সে সোশ্যাল মিডিয়ায় খোলসা করে দেন, অর্থাৎ আপনাদের সম্পর্ক কেমন তার অনেকটাই সেখানে প্রকাশ করছেন। সেক্ষেত্রে নিজেদের ব্যক্তিগত জীবন কিন্তু আর ব্যক্তিগত থাকছে না। এ বিষয়ে আগে থেকে সতর্ক হোন।
> যদি দুজন একই ডেস্কটপ ব্যবহার করেন, তবে সঙ্গী কম্পিউটার থেকে উঠে যাওয়ার পর একঝলকে সার্চ হিস্ট্রিটা দেখে নিন তার। অন্য এক বা একাধিক ব্যক্তির তথ্যতালাশ করেছেন কি? তাহলে তো ১২ আনা ধ্যানই অন্যদের প্রতি, আপনার প্রতি তুলনায় কম।
> সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সোশ্যাল মিডিয়ায় যদি প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে তার ভারচুয়াল যোগাযোগটা একটু বেশিই হয়, তবে অবশ্যই চিন্তার বিষয়। মনস্তাত্বিকদের মতে, এটা কিন্তু একটা খারাপ অভ্যাস। অতীত সম্পূর্ণ না ভুলে পিছুটান রেখে যাওয়া, যা বর্তমানকে দুর্বিসহ করে তুলতে পারে। এমনটা হলে সত্যিই বুঝতে হবে, আপনার সঙ্গে সঙ্গীর মনের দূরত্ব বাড়ছে। এক ছাদের নিচে ২৪ ঘণ্টা থাকলেও, তিনি আসলে দূরের মানুষ হয়ে গিয়েছেন।
সম্পর্কে টানাপোড়েন থাকেই। তবে তা যেন স্থায়ী হয়ে না দাঁড়ায়, সেদিকে নজর রাখুন। সম্পর্কের প্রতি আরেকটু যত্নশীল হয়ে সঙ্গীকে বোঝার চেষ্টা করুন। তার মনের নানা ত্রুটি-বিচ্যুতিকে দূরে ঠেলে নয়, বরং আপনার যত্ন দিয়ে তাকে বের করে আনুন সেসব অন্ধকার জায়গা থেকে। তবেই তো মধুর হবে দাম্পত্য, প্রেমজীবন। পরিপূর্ণ হয়ে উঠবে অমলিন ভালোবাসায়।