“সৌরভের ICC প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল”-রিচার সম্বর্ধনায় বললেন মুখ্যমন্ত্রী মমতা

সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বোমা ফাটালেন মমতা! ‘ICC প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল ওঁরই’, জয় শাহকে নিয়ে সরাসরি মন্তব্য
কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের একবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে অভিনন্দন জানাতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় মন্তব্য করেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর প্রেসিডেন্ট পদে সৌরভ গঙ্গোপাধ্যায়েরই বসা উচিত ছিল!

মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। কারণ, বর্তমানে আইসিসি চেয়ারম্যান পদে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ।

‘অপ্রিয় সত্যি বলছি’, সৌরভকেই সমর্থন মমতার
শনিবার বিকেলে রিচা ঘোষকে সংবর্ধনা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রথমে রিচার প্রতিভা ও পরিশ্রমের প্রশংসা করেন। এরপরই তিনি হঠাৎ আইসিসি প্রেসিডেন্ট পদ নিয়ে সরাসরি মন্তব্য করেন।

মমতা বলেন, “আমি একটু অপ্রিয় সত্যি বলে ফেলি, তবু বলি। আজ আইসিসি প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল? সৌরভ গঙ্গোপাধ্যায়। আমার বিশ্বাস, একদিন ও হবেই।”

মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে ফের চর্চায় মেতেছে রাজনৈতিক মহল। ২০১৯ সালে সৌরভ যখন বিসিসিআই প্রেসিডেন্ট পদে যোগ দেন, তখন থেকেই বোর্ডের নেতৃত্ব বদল নিয়ে বারবার রাজনৈতিক চাপের অভিযোগ উঠেছিল। মমতার বক্তব্যে সেই পুরনো বিতর্কই ফের মাথাচাড়া দিয়ে উঠল।

ভোটের আগে নতুন সংঘাত?
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সৌরভকে ঘিরে তৃণমূল ও বিজেপি-এর মধ্যে সংঘাতের নতুন অধ্যায় শুরু হতে পারে। সৌরভের বিসিসিআই প্রধানের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে দুই দলের মধ্যে জল্পনা চলছে।

পর্যবেক্ষকদের মতে, বাংলার এই ‘দাদা’-কে ঘিরে মানুষের আবেগকে কাজে লাগাতে চাইছে দুই পক্ষই। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের এহেন রাজনৈতিক সংঘাতের মধ্যে অবস্থান কী হবে, তার উত্তর এখন সময়ের অপেক্ষা।