এক শরীরে দু’টি মুখ, দু’টি জিভ! দাসপুরে উদ্ধার বিরল ‘পদ্ম গোখরো’, হুলস্থূল এলাকায়!

কথায় কথায় দু’মুখো সাপের কথা শোনা গেলেও, এবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সত্যি সত্যিই উদ্ধার হলো এক বিরল প্রজাতির দু’মুখো সাপ। দাসপুর প্রাইমারি স্কুলের পাশের এলাকা থেকে এই সাপটি উদ্ধার করেন এক সর্প বিশারদ। এই সাপের দু’টি মুখ এবং দু’টি জিভ রয়েছে, যা অত্যন্ত বিরল। এমন সাপের দর্শন এর আগে কেউ পাননি বলে জানিয়েছেন এলাকাবাসী।

দাসপুর থানার চাঁদপুর গ্রামের বরুণ সিনহার বাড়ি থেকে এই বিরল সাপটি উদ্ধার করা হয়। সর্প বিশারদ এটিকে পদ্ম গোখরো সাপ (Monocled Cobra) হিসেবে চিহ্নিত করেছেন, যা গ্রাম্য ভাষায় গেঁড়িভাঙা নামেও পরিচিত। তিনি বলেন, এটি একটি আশ্চর্যজনক ঘটনার সাক্ষী। সাপটির দু’টি মাথাতেই পদ্ম চিহ্ন ছিল।

সাপ বিশারদ আরও নিশ্চিত করে বলেন, এই সাপের দু’টো মুখ, দু’টো জিভ—সবই দু’টি করে। এমন বিরল সাপ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকা জুড়ে যেমন উত্তেজনা রয়েছে, ঠিক তেমনই সাপটিকে একবার দেখার জন্য ভিড়ও করেছেন বহু মানুষ। দাসপুরে রীতিমতো হুলুস্থূল কাণ্ড চলছে এবং এই দু’মুখো সাপই এখন আলোচনার কেন্দ্রে।