ভোটার তালিকার কাজে নজর! কমিশনের ৩ সদস্যের দল আসছে রাজ্যে! পরিদর্শনে কোন ৩ জেলা?

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর কাজের খতিয়ান নিতে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের পরিদর্শক দল। বাংলা-সহ মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই SIR প্রক্রিয়া আজ, মঙ্গলবার থেকে শুরু হয়েছে, এবং এই দিন থেকেই বুথ স্তরের আধিকারিকরা (বিএলও) এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন।
৩ সদস্যের প্রতিনিধি দল আসছে বুধবার
ভোটার তালিকার এই নিবিড় সংশোধনের কাজ কীভাবে এগোচ্ছে, তা সবিস্তারে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ৩ সদস্যের প্রতিনিধি দল। মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর সূত্রে খবর, ৫ থেকে ৮ নভেম্বর পর্যন্ত দিন তিনেক ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবে এই দল। পরিদর্শক দলের সঙ্গে থাকবে একটি টেকনিক্যাল টিমও।
দলে থাকছেন কমিশনের প্রধান সচিব এসবি জোশি, সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী ও অভিনব আগরওয়াল। পরিদর্শনের জন্য উত্তরবঙ্গের তিনটি জেলা—কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি—বেছে নেওয়া হয়েছে। মূলত ফিল্ড রিভিউ করে বিএলওদের কাজের পদ্ধতি এবং গুণগত মান যাচাই করাই তাঁদের মূল লক্ষ্য। এই প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বুধবার রাতে পরিদর্শকদের দলটি বাগডোগরা পৌঁছবে।
বিএলওদের ফোন সচল রাখার কড়া নির্দেশ
ইতিমধ্যে, রাজ্যে ৭ কোটিরও বেশি ভোটারের জন্য ফর্ম বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিক প্রতিটি জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার (DEO)-দের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। বিএলওদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে প্রত্যেক ডিইও-কে পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে বলা হয়েছে।
কোনও ভোটার যাতে অসুবিধায় না পড়েন, সেই জন্য চালু করা হয়েছে ‘Book a call with BLO’ পরিষেবা। বিএলওদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে, সবসময় তাঁদের ফোন সচল রাখতে হবে এবং কোনও ভোটার ফোন করলে তাঁর সমস্যার দ্রুত সমাধান করতে হবে। এমনকি, রাজনৈতিক দলগুলোর তরফেও ৪১,৮০০ জন বুথ লেভেল এজেন্ট (বিএলএ)-এর নাম কমিশনের কাছে পাঠানো হয়েছে।