শিল্পীর ছোঁয়া পুরুলিয়ার পাহাড়ে! জয়চণ্ডী পাহাড়ে খেজুর পাতার শিল্পকর্মে মুগ্ধ পর্যটকরা, কারিগর খুদে শিল্পীরা

পুরুলিয়া জেলার রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড়ে (Joychandi Pahar, Purulia) বেড়াতে আসা পর্যটকদের কাছে এখন নতুন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে স্থানীয় শিশুদের হাতে তৈরি খেজুর পাতার শিল্পকর্ম। খেজুর পাতা দিয়ে সূক্ষ্ম নিপুণতায় গড়ে তোলা এই মনোমুগ্ধকর শিল্পগুলি একদিকে যেমন নান্দনিক সৌন্দর্যে ভরপুর, তেমনই সুলভ মূল্যে পাওয়ায় তা সহজেই পর্যটকদের নজর কেড়ে নিচ্ছে।

এলাকার ছোট ছোট শিশুদের সৃজনশীলতা ও পরিশ্রমে তৈরি হচ্ছে নানা ধরনের এই শিল্পসামগ্রী। পাওয়া যাচ্ছে খেজুর পাতার ফুল, পাখি, পুতুল থেকে শুরু করে বাড়ির সাজসজ্জার জন্য উপযোগী বিভিন্ন জিনিস। অল্প বয়সেই নিজের সৃজনশীলতা ও পরিশ্রম দিয়ে এই শিশু-কিশোররা যেমন তাদের শিল্পপ্রতিভার বিকাশ ঘটাচ্ছে, তেমনই নিজেদের পরিবারের আর্থিক সচ্ছলতার ক্ষেত্রেও সামান্য হলেও অবদান রাখছে।

মালদা থেকে বেড়াতে আসা পর্যটক সুচিস্মিতা দাস বলেন, “ওঁদের হাতের কাজ দেখে খুবই সুন্দর লাগছে। এত নিখুঁত ও যত্নসহকারে তৈরি হবে, ভাবতেই পারিনি। আমি অবশ্যই কয়েকটি শিল্পকর্ম বাড়ি নিয়ে গিয়ে নিজের ঘরে সাজিয়ে রাখব।”

অন্যদিকে, পঞ্চম শ্রেণির দুই ছাত্র আয়ুষ বাগদী ও আবির বাগদী জানিয়েছে, “পড়াশোনার পাশাপাশি ফাঁকা সময়ে আমরা এগুলো নিজের হাতেই তৈরি করে জয়চণ্ডী পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের কাছে বিক্রি করি। আমাদের হাতের তৈরি জিনিস যখন ওঁদের পছন্দ হয়, তখন আমাদেরও খুব ভাললাগে।”

জয়চণ্ডী পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে এই শিশুদের হাতে তৈরি খেজুর পাতার শিল্প যেন মিলেমিশে একাকার। এই সৃজনশীলতা শুধু পাহাড়ের আকর্ষণই বাড়াচ্ছে না, বরং স্থানীয় শিশু-কিশোরদের জীবনেও নতুন দিশা দেখাচ্ছে।