মর্মান্তিক! ছাদে ব্যায়াম করাই কাল হলো, পা পিছলে পড়ে মৃত্যু ঘাটালের প্রৌঢ়ের, শোকের ছায়া গ্রামে

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর থানার আজুড়িয়া গ্রামে মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। নিজের বাড়ির ছাদে প্রতিদিনের মতো ব্যায়াম করতে গিয়ে পড়ে গিয়ে প্রাণ হারালেন শ্যামল দাস কর্মকার (৫৯) নামে এক প্রৌঢ়। রবিবার সকালে ঘটা এই আকস্মিক ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্যামল দাস কর্মকার সুস্থ জীবনযাপনের অভ্যাসে প্রতিদিন সকালে বাড়ির ছাদে শারীরিক ব্যায়াম করতেন। কিন্তু এদিন সকালে সেই রুটিনই তাঁর জীবনের অন্ত ঘটায়। পরিবারের দাবি, ব্যায়াম করার সময় সম্ভবত তিনি অন্যমনস্ক হয়ে পড়েছিলেন এবং হঠাৎ পা পিছলে ছাদ থেকে নীচে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য উড়িষ্যার কটকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দুর্ভাগ্যবশত, কটকে নিয়ে যাওয়ার পথেই শ্যামল দাস কর্মকারের মৃত্যু হয়।

এই আকস্মিক মৃত্যুতে আজুড়িয়া গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীরা জানিয়েছেন, শ্যামলবাবু অত্যন্ত সদালাপী, পরিশ্রমী এবং সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে গোটা গ্রাম কার্যত স্তব্ধ। গ্রামবাসী ও আত্মীয়-স্বজনদের ভিড়ে তাঁর বাড়ি ভরে উঠেছে। তাঁদের একটাই আক্ষেপ— “সকালের ব্যায়াম যে এমনভাবে মৃত্যুর কারণ হবে, তা কেউই বিশ্বাস করতে পারছে না।”