যমদূতের গ্রাসে ১৮ পুণ্যার্থী! ট্রাকে বাসের ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় ছিন্নভিন্ন মহিলা-শিশুদের দেহ

রবিবার রাতে রাজস্থানে ভয়াবহ পথ দুর্ঘটনায় (Road Accident in Rajasthan) প্রাণ হারালেন কমপক্ষে ১৮ জন পুণ্যার্থী। যোধপুরের ফালোদির মাতোদা গ্রামের কাছে ভারত মালা এক্সপ্রেসওয়েতে একটি ট্র্যাভেলার বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছে, যাদের ছিন্নভিন্ন দেহ বাসের সিটে আটকে ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নিহত ১৮ জন একই পরিবারের সদস্য। তাঁরা যোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা। প্রত্যেকেই বিকানেরের কোলায়ত মন্দিরে কপিল মুনি আশ্রমে প্রার্থনা সেরে নিজেদের গন্তব্যের দিকে ফিরছিলেন। কিন্তু গন্তব্য থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরেই দুর্ঘটনার কবলে পড়ে পুণ্যার্থী বোঝাই বাসটি।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের প্রথমে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে, তাঁদের উন্নত চিকিৎসার জন্য ‘গ্রিন করিডোর’ তৈরি করে যোধপুরে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে, মৃতদেহগুলি রাখা হয়েছে ওসিয়ান সরকারি হাসপাতালের মর্গে।
যোধপুরের পুলিশ কমিশনার ওম প্রকাশ মথুরাদাস হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা ব্যবস্থার তদারকি করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।