মামার বাড়ি যাওয়ার পথেই মর্মান্তিক পরিণতি, বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু নাবালকের, চরম উত্তেজনা মুর্শিদাবাদে

১৮ বছর পূর্ণ হওয়ার আগেই মোটরবাইক চালানোর চরম পরিণতির সাক্ষী হলো মুর্শিদাবাদ। দ্রুত গতিতে বাইক চালানোর ফলস্বরূপ মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক নাবালকের। এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়রামারি সেনপাড়া এলাকায়।
পরিবার সূত্রে খবর, মৃত নাবালকের নাম মুকুল ইসলাম ওরফে রাশিকুল, বয়স মাত্র ১৫ বছর। শুক্রবার রাতে বাড়ি থেকে ভাদুরিয়াপাড়ায় মামার বাড়ি আসছিল সে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুকুলের বাইকটি সেনপাড়া এলাকায় আসতেই উলটো দিক থেকে আসা অন্য একটি বাইকের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা লাগে। অন্য বাইকটিতে ছিলেন ডোমকলের মানারুল খান এবং কুঠির মোড়ের সামসুজ্জোহা মিঞা।
সংঘর্ষের বিকট আওয়াজ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গেই আহতদের উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক বছর পনেরোর মুকুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, গুরুতর আহত মানারুল খান ও সামসুজ্জোহা মিঞার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ডোমকল হাসপাতাল থেকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগরপাড়া থানার পুলিশ। হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ডোমকল থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ময়নাতদন্তের পর শনিবার পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনা ফের একবার কম বয়সে বেপরোয়া বাইক চালানো নিয়ে প্রশ্ন তুলে দিল।