ভোটার তালিকা নিয়ে জরুরি বৈঠক ডাকল কমিশন, দেশের সব মুখ্য নির্বাচনী আধিকারিকরা দিল্লিতে! জারি হচ্ছে কি ‘এসআইআর’ বিজ্ঞপ্তি?

সারা দেশে ভোটার তালিকায় বিশেষ সংশোধনী অভিযান বা এসআইআর (Special Intensive Revision) শুরু করার আগে চূড়ান্ত প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন। এই ‘যজ্ঞকাণ্ড’ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাজ্যগুলির বর্তমান ভোটারদের ম্যাপিং কতদূর এগিয়েছে, বুধবার থেকে তা নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে।

বুধবার থেকে দু’দিনব্যাপী এই বিশেষ পর্যালোচনা বৈঠকে যোগ দিতে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরা (CEO) দিল্লিতে এসেছেন। দিল্লির দ্বারকায় অবস্থিত ‘ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট’ (IIIDEM)-এ এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

শীর্ষ আধিকারিকদের জরুরি বৈঠক

এই গুরুত্বপূর্ণ বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর সঙ্গে উপস্থিত রয়েছেন দুই নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু এবং ডঃ বিবেক জোশী। কমিশনের নির্দেশ অনুযায়ী, এই সম্মেলনে সব মুখ্য নির্বাচনী আধিকারিকের উপস্থিতি বাধ্যতামূলক। তাঁদের সঙ্গে ভোটার তালিকা সংশোধনের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত বা যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক এবং মিডিয়া সমন্বয়কারীকেও থাকতে হচ্ছে। এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো—এসআইআর শুরু হলে রাজ্যগুলি কতটা প্রস্তুত, তা পর্যালোচনা করা।

ম্যাপিং ও ম্যাচিং: বিরাট সুবিধা পেতে চলেছেন ভোটাররা

এসআইআর শুরু হওয়ার আগেই ভোটার তালিকার কাজ কিছুটা এগিয়ে রাখার জন্য ম্যাপিং ও ম্যাচিং-এর কাজ শুরু হয়েছিল। প্রায় সবক’টি রাজ্যে এই কাজ শেষ পর্যায়ে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত এসআইআর-এর ভোটারদের সঙ্গে বর্তমান ভোটারদের ম্যাপিং সম্পূর্ণ হলে, অধিকাংশ রাজ্যের অর্ধেকেরও বেশি ভোটারকে এসআইআর প্রক্রিয়ার জন্য আলাদা করে আর কোনো নথি জমা দিতে হবে না। শুধুমাত্র আংশিক পূর্ণ গণনা ফর্মের বাদবাকি তথ্য দিলেই চলবে।

স্বচ্ছতার জন্য ব্লু প্রিন্ট তৈরি

এই সম্মেলনে প্রতিটি রাজ্যের কাজের পদ্ধতি খতিয়ে দেখা হচ্ছে এবং সেরা কাজের পদ্ধতিগুলি বিনিময়ের মাধ্যমে এসআইআর প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুচারুভাবে কার্যকর করার জন্য একটি ব্লু প্রিন্ট বা চূড়ান্ত কর্ম-পরিকল্পনা তৈরি করা হবে। পাশাপাশি, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক থেকে শুরু করে বুথস্তরের আধিকারিকদের নিয়োগ এবং ভোটার তালিকা প্রস্তুতিতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

বুধবার বিকেল ৩টেয় শুরু হওয়া এই পর্যালোচনা বৈঠক বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চলবে। প্রতিটি রাজ্যে সময়সূচি অনুযায়ী সংশোধনী অভিযান যাতে নির্ভুলভাবে সম্পন্ন হয়, সে বিষয়েও নির্দেশ দেওয়া হবে এই সম্মেলন থেকে।